আইপিএলের সবশেষ আসরে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বিরাট কোহলি-রজত পাতিদারের বেঙ্গালুরু। নিয়ম অনুযায়ী, গত আসরের আইপিএল চ্যাম্পিয়নদের হোম ভেন্যুতে পরের মৌসুমের ফাইনাল হয়। সেই অনুযায়ী, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ফাইনাল।
টুর্নামেন্ট চলাকালীন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিসিআই। বিশেষ পরিস্থিতিতে বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের চলতি আসরের ফাইনাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিসিসিআই বিবৃতিতে বিসিসিআই বলেছে, 'অপারেশনাল ও লজিস্টিক কারণে বিশেষ পরিস্থিতিতে এবার তিনটি ভেন্যুতে প্লে-অফ আয়োজন করা হচ্ছে। বেঙ্গালুরু মূলত ফাইনালের জন্য নির্ধারিত ছিল। তবে স্থানীয় কিছু চাহিদা আমাদের নীতিমালার বাইরে থাকায় ভেন্যু পুনর্নির্ধারণ করতে হয়েছে।’
ভারতের তিনটি ভেন্যুতে হবে আইপিএলের চলতি আসরের প্লে-অফের ম্যাচগুলো। ২৬ মে পাঞ্জাবের হোম ভেন্যু ধর্মশালাতে হবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার। নিউ চণ্ডিগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ও ২৯ মে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার। ৩১ মে ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।