করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেওয়া নাহিদ লাহোর কালান্দার্সের বিপক্ষেও আগুনে ঝরিয়েছেন। তিন ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। আরেক পেসার শরিফুল ২ ওভারে এক উইকেট নিয়েছেন ১৭ রানে। বাংলাদেশের তিন পেসারের ৫ উইকেটের দিনে মুস্তাফিজের লাহোরকে ৭৬ রানে হারিয়েছে নাহিদ ও শরিফুলের পেশোয়ার। ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন বাবর আজমরা।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লাহোর। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই পেশোয়ারকে উইকেট এনে দেন শরিফুল। বাঁহাতি পেসারের বলে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় আউট হয়েছেন মোহাম্মদ নাইম। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করলেও আব্দুল্লাহ শফিককে ইনিংস বড় করতে দেননি নাহিদ। ডানহাতি পেসারের বলে আউট হয়েছেন ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে।
১৫ বলে ২১ রান করেছেন শফিক। পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়েছেন ফখর জামান। বাঁহাতি ওপেনারের মতো হাসিবউল্লাহকেও বিদায় করেছেন মাইকেল ব্রেসওয়েল। আসিফ আলীকে সুবিধা করতে দেননি সুফিয়ান মুকিম। বিদায় করেছেন শাহীন আফ্রিদিকেও। থিতু হওয়ার চেষ্টা করলেও সিকান্দার রাজাকে টিকতে দেননি ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ৯৭ রানে অল আউট হয়েছে লাহোর। পেশোয়ারের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুকিম ও ব্রেসওয়েল। দুইটি উইকেট পেয়েছেন নাহিদ।
মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দেয় পেশোয়ার। তবে হারিস ও বাবরকে জুটি বড় করতে দেননি শাহীন আফ্রিদি। ইনিংসের তৃতীয় বলেই ১৮ রান করা হারিসকে ফেরান লাহোরের অধিনায়ক। প্রথম উইকেট হারানোর পর অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন মেন্ডিস ও বাবর। পাওয়ার প্লের বাকিটা সময় অনায়াসে কাটিয়েছেন তারা দুজন। আগের ম্যাচে সেঞ্চুরি করা মেন্ডিস লাহোরের বিপক্ষে পেয়েছেন হাফ সেঞ্চুরি।
উসামা মীরের বলে ছক্কা মেরে ৩৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার। হাফ সেঞ্চুরির পর আরও আক্রমণাত্বক হতে থাকেন তিনি। মেন্ডিস পারলেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বাবর। উসামার বলে ছক্কা মারার চেষ্টায় শফিকের হাতে ক্যাচ দিয়েছেন ৪০ বলে ৪৩ রান করা পেশোয়ার অধিনায়ক। বাবরের বিদায়ে ভাঙে ৭৯ বলে ১০৯ রানের জুটি। মেন্ডিসকে ফিরিয়ে ঝড় থামান শাহীন আফ্রিদি। ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস।
বাবর ও মেন্ডিস ফেরার পর সর্বোচ্চ ২১ রান এসেছে ব্রেসওয়েলের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৩ রানের পুঁজি পেয়েছে পেশোয়ার। প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করে মুস্তাফিজ দিয়েছিলেন ৯ রান। তবে নিজের তৃতীয় ওভারে খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার। তবে কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে ৮ রান খরচায় নিয়েছেন ব্রেসওয়েল ও আমেরের উইকেট। ৪ ওভারে ২ উইকেট নিতে মুস্তাফিজের খরচ ৩০ রান। এ ছাড়া লাহোরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি।