চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলেন পান্ত। ৫০ বলে ৬৮ রানে অপরাজিত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থাকেন তিনি। ইনিংস জুড়ে ছিল ধৈর্য ও পরিমিত আক্রমণ, যা দলের জয়ের ভিত গড়ে দেয়। দীর্ঘ দিন ধরে ছোট ফরম্যাটের দলে নিয়মিত সুযোগ না পাওয়া এবং তার খেলার গতিকে ঘিরে আলোচনা, সব কিছুর মাঝেই এই ইনিংস ছিল গুরুত্বপূর্ণ।
ম্যাচের পর পান্ত বলেন, 'আমি জানতাম প্রস্তুতি ভালো নিচ্ছি। আমি চাই ব্যাটই আমার হয়ে কথা বলুক। সতীর্থ এবং ম্যানেজমেন্ট জানে আমি কতটা কঠোর পরিশ্রম করি। সেটাই আসল। আমি সমালোচনা নিয়ে কথাই বলতে চাই না।'
নিজের প্রস্তুতি এবং মানসিকতার দিকেও আলোকপাত করেছেন তিনি। পান্ত জানিয়েছেন, ধারাবাহিক অনুশীলনের ফল মাঠেই পাওয়া যাচ্ছে। দলের প্রতি দায়বদ্ধতা রেখেই প্রতিটি ম্যাচে নামেন তিনি।
পান্ত বলেন, 'সব ভালো যার শেষ ভালো তার। আমরা সকলে সেটাই মানি। একই সঙ্গে নিজের দিকেও নজর থাকে আমার। আমি ভালো প্রস্তুতি নিচ্ছি এবং পুরো দায়বদ্ধতার সঙ্গে খেলছি।'
লক্ষ্ণৌ অধিনায়কের মতে, কঠিন পরিস্থিতিতে দলকে জেতাতে পারলে তা গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশেষ করে বোলারদের অবদানকে গুরুত্ব দিতে ভোলেননি তিনি।
'বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওদের জন্যই আমাদের রাতটা ভাল হয়েছে। শামি ভাই, আবেশ, রাঠি- প্রত্যেকে নিজেদের মতো করে অবদান রেখেছে।'