গত রবিবারের ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল শামির। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। তার শিকার হন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। গোটা স্পেল জুড়ে নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং ম্যাচের পর নিজের প্রস্তুতির দিকটিও তুলে ধরেন।
শামি বলেন, 'খেলতে চাইলে খেলাটার কাছাকাছি থাকা খুব দরকার। আপনি ফিট থাকলে তবেই দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন। সে কারণেই আমি খেলাটার কাছাকাছি থাকতে চেয়েছি এবং ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলেছি।'
চোট থেকে ফেরার পর গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি শামির। হায়দরাবাদের হয়ে ৯ ম্যাচে মাত্র ছয়টি উইকেট নিয়েছিলেন তিনি এবং রান খরচের হারও ছিল বেশ বেশি। তবে এবারের মৌসুমে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন ডানহাতি এই পেসার।
'আমি তো যন্ত্র নই। মৌসুমে উত্থান-পতন থাকতেই পারে। গত কয়েক বছর ধরে ভালো খেলছি। লোকে দেখেনি সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সব সময় ভাল খেলতে চাই।'
লক্ষ্ণৌ শিবিরে নিজের স্বচ্ছন্দ মানিয়ে নেয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে বোলিং কোচ ভারত অরুণের। ভারতীয় দলে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে, যার সুফল পাচ্ছেন শামি।
'ভারত ভাইয়ের সঙ্গে আগে অনেক দিন কাজ করেছি। আমাদের বোঝাপড়া খুব ভালো। লক্ষ্ণৌ আমার দ্বিতীয় বাড়ির মতো। তাই এখানে মানিয়ে নিতে কোনও সমস্যা হয়নি। আমি শুধু পরিশ্রম করি, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিই।'