হার্দিক কবে ফিরছেন, জানালেন চাহার

আইপিএল
হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ছয় উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৬২ রান করে মুম্বাই, যা ১১ বল হাতে রেখেই টপকে যায় দিল্লি। দলের জয়ে বড় ভূমিকা রাখেন সামির রিজভি, যিনি ৫১ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

ম্যাচ শেষে মুম্বাইয়ের পেসার দীপক চাহার জানান, তাদের দল অন্তত ১০-১৫ রান কম করেছে। তার মতে, উইকেটের অবস্থা এবং টস ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চাহার বলেন, 'আমার মনে হয় উইকেটটা একটু ধীরগতির ছিল। সেখানে কিছুটা আর্দ্রতাও ছিল, তাই টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই আমরা ১০-১৫ রান কম করে ফেলেছি।'

এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে খেলাতে পারেনি, যা দলকে প্রভাবিত করেছে বলে মনে করেন চাহার। তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই তার অনুপস্থিতি প্রভাব ফেলেছে। সে অসুস্থ ছিল বলেই খেলতে পারেনি। আশা করছি পরের ম্যাচে ফিরবে।'

১৬০ রানের মতো লক্ষ্য ডিফেন্ড করা দিনের ম্যাচে কঠিন বলেও উল্লেখ করেন তিনি, 'এই ধরনের ম্যাচে ১৬০ রান রক্ষা করতে হলে নিয়মিত উইকেট নিতে হয়। রিজভি দারুণ খেলেছে। তাকে যদি ১০ ওভারের আগেই আউট করা যেত, তাহলে ম্যাচটা শেষ পর্যন্ত জমে থাকত।'

দিল্লির রান তাড়ায় শুরুতে কিছু উইকেট হারালেও পরে ম্যাচে ঘুরে দাঁড়ায় দলটি। পাথুম নিশাঙ্কা ও রিজভির মধ্যে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। এরপর রিজভি একপ্রকার একাই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। শেষদিকে ডেভিড মিলারের সঙ্গে জুটি গড়ে জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সূর্যকুমার যাদব, আর রোহিত শর্মা করেন ৩৫। দিল্লির হয়ে বল হাতে মুকেশ কুমার দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ম্যাচসেরা হন সামির রিজভি।

আরো পড়ুন: