চেন্নাইয়ের এখনও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ধোনি, জানালেন ফ্লেমিং

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অন্তত দুই সপ্তাহ মহেন্দ্র সিং ধোনিকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। কিংবদন্তি এই উইকেটরক্ষক ব্যাটারের না থাকা অনেকেই মনে করছেন ধোনি বিহীন চেন্নাই সুপার কিংসের নতুন সূচনা। তবে এমন কথা মানতে নারাজ দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি মনে করেন ধোনি ছাড়া একটি ম্যাচ মোটেই ভবিষ্যতের নিদর্শন নয়।

আইপিএল শুরু হয়েছে ২৮ মার্চ থেকে। তবে চেন্নাই এখনও মাঠে নামেনি। তারা সোমবার মাঠে নামছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচের আগে ফ্লেমিং জানিয়েছেন এখনও ধোনি দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের সিদ্ধান্তে ধোনির এখনও বড় ভূমিকা আছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এই কিউই কোচ বলেন, 'তাকে ছাড়া এটি একটি ম্যাচ হতে পারে, কিন্তু এটি মহেন্দ্র সিং ধোনির পরবর্তী সময়ের কোনো নিদর্শন নয়। সে এখনও দলের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা তার চোট সামলাচ্ছি এবং পুনর্বাসনের প্রক্রিয়ায় আছি, তবে দলের ওপর তার প্রভাব খুবই শক্তিশালী।'

আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের চোট বড় ধাক্কা যেকোনো দলের জন্যই। বিশেষ করে ব্যস্ত সূচির কারণে প্রায় সব দলই একই সমস্যার মুখোমুখি হচ্ছে বলে মনে করেন তিনি। তবে ধোনির বিকল্প পাওয়া এতো সহজ নয় বলেও মনে করেন তিনি। তাই আপাতত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে চেন্নাই।

ফ্লেমিং যোগ করেন, 'প্রতিটি দলই চোটের সমস্যার সঙ্গে লড়ছে। আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ অনেক বেশি, তাই চাপ নিয়ন্ত্রণ আর পুনর্বাসনই এখানে মূল বিষয়। বড় তারকাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন, তবে বিশেষ করে ভারতে শক্তিশালী দল গড়ার মতো যথেষ্ট প্রতিভা আছে।'

গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্স করেছিল চেন্নাই। তারা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে দলটির আরেকটি বড় ধাক্কা ডেওয়াল্ড ব্রেভিসের চোট। সাইড স্ট্রেইনের কারণে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

আরো পড়ুন: