ম্যাচের আগের দিন ব্রেভিসের চোটের বিষয়টি নিশ্চিত করেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। এতে করে শুরুর ম্যাচেই একটি বড় ধাক্কা খেল চেন্নাই, কারণ তরুণ এই ব্যাটারকে ঘিরে বেশ প্রত্যাশা ছিল।
দলের পক্ষ থেকে দ্রুত সুস্থ হয়ে ফেরার আশাই করা হচ্ছে ব্রেভিসের ক্ষেত্রে। ফ্লেমিং বলেন, 'ব্রেভিস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি, এতে খুব বেশি দিন লাগবে না।'
ব্রেভিসের অনুপস্থিতিতে চেন্নাইয়ের শক্তি কিছুটা কমে গেল। এর আগে ফাস্ট বোলার নাথান এলিসও চোটে পড়ে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এই অস্ট্রেলিয়ান পেসার।
দলের আরেক বড় ধাক্কা এসেছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। পায়ের পেশির চোটের কারণে তিনি অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, যা দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
এদিকে এলিসের বদলি হিসেবে নেয়া স্পেন্সার জনসনও এখনো পুরোপুরি সুস্থ নন। চোট থেকে সেরে উঠছেন তিনি। এপ্রিলের তৃতীয় সপ্তাহে দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে তার।
গত আসরে গুরজাপনিত সিংয়ের বদলি হিসেবে সুযোগ পেয়ে ব্রেভিস নজর কাড়েন। ছয় ইনিংসে ১৮০ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছিলেন তিনি, যেখানে ছিল ১৭টি ছক্কা। সেই পারফরম্যান্সের পরই তাকে দলে রেখে দেয় চেন্নাই।