গত ডিসেম্বরে আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন থিকশানা। তবে নিলামে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সময় বসে থাকতে হচ্ছে না শ্রীলঙ্কান স্পিনারকে। পিএসএল শুরুর আগে হায়দরাবাদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন থিকশানা।
২৫ বছর বয়সি স্পিনার ৭.০৮ ইকনোমি রেটে নিয়েছেন ৮২ উইকেট। টি-টোয়েন্টিতে সর্বসাকুল্যে ২২৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৩০ উইকেট। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার অভিজ্ঞতা আছে থিকশানার। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ৩৮ ম্যাচে শিকার ৩৬ উইকেট।
আইপিএলের বাইরে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি, সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি, শ্রীলঙ্কার এলপিএল এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএলে খেলেছেন। এবারই প্রথম পিএসএলে খেলবেন থিকশানা। হায়দরাবাদে সতীর্থ হিসেবে পাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাশ ল্যাবুশেন, সাইম আইয়ুব, উসমান খান, কুশল পেরেরাদের।
প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ৮ দলের পিএসএল। হায়দরাবাদের সঙ্গে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে পিন্ডিজ। ২৬ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ মে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কায় মাত্র দুইটি ভেন্যুতে হবে পিএসএলে। লাহোরের সঙ্গে রাখা হয়েছে করাচিকে। বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া গ্যালারিতে দর্শক থাকছে না।