রাজস্থান রয়্যালসে খেলার সময় ওয়ার্ন চুক্তি করেছিলেন যত বছর তিনি খেলবেন, তার জন্য বছরে ০.৭৫ শতাংশ মালিকানা দিতে হবে। রাজস্থানে ৪ বছর খেলে আইপিএল থেকে অবসর নেন অজি কিংবদন্তি। যা হিসেব করলে দাঁড়ায় মোট ৩ শতাংশ, যে মালিকানা ওয়ার্নের প্রাপ্য।
ওয়ার্ন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চুক্তির অংশ হিসেবে তারা আমাকে অধিনায়ক ও কোচের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মতো করে দল চালানোর সুযোগ দিয়েছিল। আমিই ছিলাম সবকিছুর নিয়ন্ত্রক।’
সম্প্রতি সাড়ে ১৯ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। সেখান থেকেই ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। প্রায় ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬৩ কোটি ডলারে সম্পন্ন হয়েছে এই চুক্তি।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৩৭ কোটি টাকা। ওয়ার্ন চার মৌসুম রাজস্থান রয়্য়ালস থেকে পারিশ্রমিক বাবদ নিয়েছিলেন মাত্র ৯ কোটি ৩৬ লক্ষ রুপি। তার সঙ্গে তিন শতাংশ শেয়ার। ১৮ বছর আগের একটা সিদ্ধান্ত এমন নিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার, যার সুফল ভোগ করবেন এখন তাঁর পরিবারের সদস্যরা।
আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। এবারের এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রির করে অর্থ বুঝে নিতে পারবে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অনুমোদনের প্রয়োজন হবে। ২০২২ সালেই প্রয়াত হন এই স্পিন কিংবদন্তি।