২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের শহর ও ভেন্যু বাছাই প্রক্রিয়া শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরই মধ্যে তারা বিশ্বকাপ আয়োজনের জন্য শহর ও ভেন্যু বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী শহর ও ভেন্যুগুলোকে এই বৈশ্বিক আসরের জন্য বিড জমা দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে দুটি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই।

সর্বোচ্চ ১০টি ভেন্যু চূড়ান্ত তালিকায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ চূড়ান্ত ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হবে। ২০২৮ সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি ওই অঞ্চলে অনুষ্ঠিত সবচেয়ে বড় ক্রিকেট আসর হতে যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরে অংশ নেবে ২০টি দল। মোট ৫৫টি ম্যাচের মধ্যে ৪০টি হবে গ্রুপ পর্বে, ১২টি সুপার এইটে, এরপর দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়েই ক্রিকেট বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন।

আয়োজক শহরগুলোর জন্য এই টুর্নামেন্টের বাণিজ্যিক ও সামাজিক প্রভাবের গুরুত্ব তুলে ধরে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী জোয়েল মরিসন বলেন, 'ক্রিকেট বিশ্বকাপগুলো মেগা ইভেন্ট এবং এগুলো আয়োজক শহরগুলোকে উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক ও প্রচারণামূলক সুবিধা এনে দেয়।'

তিনি আরও বলেন, 'এসব সুফল সর্বোচ্চ পর্যায়ে নিতে এবং বিশ্বমানের একটি আসর আয়োজন করতে সরকার, ভেন্যু, বাণিজ্যিক ও সম্প্রচারকারি এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে জোট বেধে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও সাউথ আফ্রিকা ইতোমধ্যে ২০২৬ আসর শেষে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এ ছাড়া ২০২৬ সালের ৯ মার্চের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ডও যোগ্যতা অর্জন করেছে। বাকি আটটি দল আঞ্চলিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

আরো পড়ুন: