আইপিএল শুরুর আগেই ইনজুরির কারণে বেশ বিপাকে পড়েছে কলকাতা। মাথিশা পাথিরানা, হার্শিত রানার পর এবার পুরো আসর থেকেই ছিটকে গেছেন আরেক ভারতীয় পেসার আকাশ দীপ। ইনজুরি জর্জরিত পেস বোলিং ডিপার্টমেন্টে তাই টুর্নামেন্ট শুরুর আগমূহুর্তে যুক্ত করা হয়েছে মাত্র তিনটি স্বীকৃত টি-টোয়েন্টির অভিজ্ঞতাসম্পন্ন সৌরভকে। অন্যদিকে সানরাইজার্সেও বদলি হিসেবে প্রথমবারের মত আইপিএলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা পেইন।
মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের হুমকির মুখে বাদ দেবার পর থেকেই শনির দশা পিছু নিয়েছে কলকাতাকে। একে একে ছিটকে গেলেন আরো তিন পেসার। তাই অনেকটা বাধ্য হয়েই শেষ মূহুর্তে তাদের দলে ভেরাতে হয়েছে অনভিজ্ঞ সৌরভকে। এখন পর্যন্ত ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ২০১৯ সালে ভারতের ইমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ। ২০২২ আইপিএলে সৌরভকে সানরাইজার্স দলে ভেড়ালেও কোনো ম্যাচ খেলার সু্যোগ পাননি সেবার।
সানরাইজার্সও ভুগছে ইনজুরি সমস্যায়। অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরু অংশ থেকে ছিটকে গেছেন ইতোমধ্যেই। এবার আরেক অজি অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসও ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই। তার বদলি হিসেবে সানরাইজার্সে যোগ দেওয়া পেইন এর আগে আইপিএলে না খেললেও টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২৩৩ স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০৪ উইকেট আছে পেইনের ঝুলিতে। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়াই চ্যালেঞ্জ সানরাইজার্সের।
অন্যদিকে দল গোছানোর সময় যে পেসারদের ওপর নির্ভর করেছিলো কলকাতা, তাদের প্রায় প্রত্যেককে হারিয়ে অনভিজ্ঞ আক্রমণ নিয়ে টুর্নামেন্ট শুরু করবে দলটি। মুস্তাফিজের বদলি হিসেবে দলে যোগ দেয়া ব্লেসিং মুজারাবানি ও ভারতীয় পেসার বৈভব আরোরাদের ওপরই ভরসা করতে হচ্ছে কলকাতাকে। এ ছাড়াও কলকাতায় আছেন আইপিএলে ২০ ম্যাচ খেলা কার্তিক তিয়াগি। আইপিএল শুরুর পরের দিন ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা।