গত আসরে পুরো টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছিলো পন্টিংয়ের শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করার পর প্রথম শিরোপা জয়কে খুব কাছে মনে হচ্ছিলো পাঞ্জাবের জন্য। কিন্তু ফাইনালের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলেও শিষ্যদের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন পন্টিং। গত আসরে যেভাবে খেলে পাঞ্জাব দাপট দেখিয়েছে নতুন আসরে শিষ্যদের সেভাবেই খেলার টোটকা দিচ্ছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
নতুন মৌসুমের জন্য অনুশীলন শুরুর পর পন্টিং বলেন, '৩১ তারিখের প্রথম ম্যাচের জন্য নিজেদের শারীরিক, টেকনিক্যাল এবং মানসিকভাবে প্রস্তুত করা জরুরি। গত বছর তোমরা এই দলে কী অবদান রেখেছিলে, সেটাও মনে করতে চাই, এটাই আমাদের একটি ভালো দল বানিয়েছিল।'
আইপিএলের মত দীর্ঘ আসরে সফল হতে নিজেদের পরিকল্পনায় অটল থাকাকেই মূলমন্ত্র মনে করেন পন্টিং। আসরজুড়ে একইভাবে খেলে যাওয়াটা বেশ কঠিন। তাই খেলোয়াড়রা মাঠে ভুল করলে সেটিও কোচ হিসেবে মেনে নেবেন তিনি।
পন্টিং আরো যোগ করেন, 'আমরা সবাই ভুল করি, এটা স্বাভাবিক। আমিও ভুল করব, তোমরাও করবে, ক্যাচ মিস হবে, খারাপ শট খেলবে, খারাপ ওভার বল করবে। কিন্তু যদি তোমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে থাকো, তাহলে সেই ভুল আসলে আমার কাছে ভুল নয়। এটা খেলারই অংশ।'
গত আসরে নিজেদের দলের প্রায় পুরোটাই ধরে রেখেছে পাঞ্জাব। শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টইনিস, আজমতুল্লাহ ওমরজাই, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেনরা এবারেও মাঠে নামবেন গতবারের অভিন্ন লক্ষ্য নিয়ে। গত আসরের রানার্স আপদের প্রথম ম্যাচ ৩১ মার্চ। প্রতিপক্ষ ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।