পিএসএলে খেলতে বাধা নেই রিশাদ-মুস্তাফিজদের

পিএসএল
নাহিদ রানার ফেসবুক পেজ থেকে নেওয়া
নাহিদ রানার ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে পিএসএলে খেলা নিরাপদ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার ঝুঁকি থাকলে বাংলাদেশের কেউ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না। এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কথার একদিন পেরিয়ে যাওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পিএসএল খেলতে মুস্তাফিজুর রহমানদের কোনো বাধা নেই। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণের বিষয়ে তারা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

পাকিস্তানে অবস্থানরত ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে পাকিস্তানে সে ধরনের কোনো উদ্বেগ নেই। ঝুঁকি না থাকায় পিএসএল খেলতে বাংলাদেশ ছেড়েছেন মুস্তাফিজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

২৬ মার্চ থেকে উঠতে যাওয়া পিএসএলে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। নিলামের আগেই দল পেয়েছেন মুস্তাফিজ। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে বাঁহাতি পেসারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন পারভেজ ইমনও। ৬০ লাখ রুপিতে বাঁহাতি ব্যাটারকে দলে নিয়েছে তারা।

নিলাম থেকে দল পেয়েছেন রিশাদ হোসেনও। গত মৌসুমে লাহোরের হয়ে খেলা ডানহাতি লেগ স্পিনার আগামী আসরে খেলবেন পিন্ডিজের হয়ে। নিলাম থেকে ৩ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমের মতো এবারও পেশাওয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ। একই দলের হয়ে খেলতে দেখা যাবে শরিফুল ও তানজিদ হাসান তামিমকে।

আরো পড়ুন: