জানা গেছে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানের পাশে থাকতে চান তিনি। ফলে ক্রিকেট ছেড়ে এই সময়টায় পরিবারের পাশে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তিনি।
ফার্গুসন বলেন, 'কদিন আগেই একটি ছেলে সন্তান হয়েছে, যতটা সম্ভব সময় বাসায় থাকতে চাই এবং স্ত্রীকে সাহায্য করতে চাই।এরপর কয়েক সপ্তাহ ছুটি নেব, তারপর আইপিএলের শেষ ভাগে যোগ দেব এবং শীতের সময় বিদেশ সফরে যাব।'
হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ফার্গুসন এবং তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিরিজের শেষ ম্যাচেও খেলবেন তিনি। বিশেষ করে নিজের ঘরের মাঠ এডেন পার্কে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।
এ প্রসঙ্গে ফার্গুসন যোগ করেন, 'বাসায় কিছু সময় কাটানোর জন্য সত্যিই মুখিয়ে আছি, এরপর আবার ক্রিকেটে ফিরব। কখন বিশ্রাম নেব সেটাই অনেক সময় কঠিন সিদ্ধান্ত হয়। এখন সময়টা ঠিক মনে হচ্ছে, বিশেষ করে যখন আমি বিশ্বকাপে ছিলাম, তখন আমার স্ত্রী একাই বাচ্চার দেখাশোনা করছিল।'
গত মৌসুমে রিকি পন্টিংয়ের কোচিং এবং শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস রানার্স-আপ হয়েছিল। সেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফার্গুসনের, যদিও ইনজুরির কারণে মাঝপথেই ছিটকে যান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাত্র দুই বল করার পরই বাম ঊরুতে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফেরেন ফার্গুসন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে যারা ভেবেছিলেন বিশ্বকাপ শেষেই ফার্গুসন অবসর নেবেন, তাদের নিয়ে হাসাহাসি করেছেন ফার্গুসন।
ফার্গুসন বলেন, 'ওরা ভেবেছিল এটা আমার শেষ ম্যাচ। না, আমি এখনও নিউজিল্যান্ডের হয়ে খেলতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে দলের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করেছি। আমরা দল হিসেবে বড় প্রত্যাশা নিয়ে খেলি। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে গর্ব করার মতো অনেক কিছু ছিল।'