সম্প্রতি সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও প্রস্তুতি নিয়ে কথা বলেন চাহাল। গত আইপিএলে তার দল পাঞ্জাব কিংস রানার্স-আপ হলেও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না তিনি। নতুন মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।
নিজের প্রস্তুতি নিয়ে চাহাল বলেন, 'আমি মদ্যপান বন্ধ করেছি, ছয় মাসেরও বেশি হয়ে গেছে। এখন আমার বয়স ৩৫, তাই আমি আরও সক্রিয় থাকতে চাই এবং দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে চাই, আইপিএলে অন্যরা আমার কাছ থেকে কিছু শিখুক।'
গত মৌসুমে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি থাকলেও ফাইনালে হারের আক্ষেপ এখনও আছে চাহালের। তিনি বলেন, 'ফাইনালে আমরা (মার্কো) জানসেনকে পাইনি। সে থাকলে আমরা অবশ্যই শিরোপা জিততাম। সে যেভাবে বোলিং করেছে তা অসাধারণ, ব্যাট হাতেও শেষদিকে দুই-তিনটি ছক্কা মারার ক্ষমতা আছে তার। এখন সে যেভাবে বল করছিল, তাতে প্রতিপক্ষ ওপেনারদের জন্য কাজটা সহজ ছিল না।'
নিজের পারফরম্যান্স নিয়েও খোলামেলা কথা বলেছেন এই লেগস্পিনার। চোটের কারণে শেষদিকে নিজের সেরাটা দিতে পারেননি বলে জানান তিনি। আসন্ন মৌসুমে আরও ভালোভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন চাহাল।
তিনি বলেন, 'আমি নিজের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশ ছিলাম। কলকাতার বিপক্ষে ম্যাচের পর আমার পাঁজরে চোট লাগে, পরে আঙুলেও চোট পাই। তাই সেমিফাইনাল ও ফাইনালে ঠিকভাবে লেগস্পিন করতে পারিনি। এবার আমি সবার আগে নিজের শরীরের যত্ন নিতে চাই, যাতে পুরো মৌসুম জুড়ে সেরা পারফরম্যান্স দিতে পারি।'