ফুটবলে সাধারণত গ্রীষ্মকালীন ও শীতকালীন দলবদল হয়ে থাকে। জুন থেকে আগষ্ট গ্রীষ্মকালীন এবং জানুয়ারি শীতকালীন ট্রান্সফার উইন্ডো চালু হয়। ক্রিকেটে বেশিরভাগ পূর্ণ সদস্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলেও এমন কিছু এখনো দেখা যায়নি। দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ট্রেডিংয়ের সুযোগ আছে। নিলামের আগে চাইলে অন্য ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারের সঙ্গে ট্রেড করতে পারে।
আইপিএলের এবারের আসরের নিলামের আগে যেমন রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেড করে সাঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের আদলে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদেরও ট্রেডিংয়ের সুযোগ করে দিয়েছে পাকিস্তান। ফ্র্যাঞ্চাইজিরা চাইলে আগামী ১৮ মার্চ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে পারবে। কিভাবে ক্রিকেটারদের দলবদল হবে সেটার নিয়মও বেঁধে দিয়েছে পিএসএল গভর্নিং কাউন্সিল।
তিনটি উপায়ে অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটার নিতে পারবে আরেকটি ফ্র্যাঞ্চাইজি। প্রথম নিয়ম হচ্ছে প্লেয়ার টু প্লেয়ার। দুইটি ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের ক্রিকেটার অদলবদল করতে হবে। সেটার জন্য অবশ্য নির্দিষ্ট ওই দুই ক্রিকেটারকেও রাজি থাকতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে প্লেয়ার টু মানি। অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে ১৮ মার্চের আগে ক্রিকেটার বিক্রি করতে পারবে।
সেটার বিনিময়ে কোনো ক্রিকেটার না নিয়ে বরং পুরো টাকা নিজেদের পার্সে যুক্ত করতে পারবে। তৃতীয় নিয়ম হচ্ছে প্লেয়ার ফর প্লেয়ার অ্যান্ড মানি। এই নিয়মের ভেতরে দুইটি ফ্র্যাঞ্চাইজি চাইলে ক্রিকেটার অদলবদল করতে পারবে। সেটার সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজি সমঝোতার মাধ্যমে টাকাও নিতে পারে। পিসিবির অনুমোদন পেলেই কেবল ফ্র্যাঞ্চাইজিরা সুযোগগুলো নিতে পারবে।
সবকিছুই হতে হবে নির্দিষ্ট স্যালারি ক্যাপের মধ্যে। ব্যতিক্রম পরিস্থিতির কারণে মুলতান সুলতান্স ১ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি বেশি স্যালারি ক্যাপ ব্যবহার করতে পারবে। এর সঙ্গে স্কোয়াডে ২২ জন ক্রিকেটার নেওয়ার অনুমতি পেয়েছে তারা। যদিও ম্যাচের দিন তাদের স্কোয়াড হবে ২০ জনের।
ইতোমধ্যে ট্রান্সফার উইন্ডো ব্যবহার করেছে মুলতান ও কোয়েটা গ্লাডিয়েটর্স। কোয়েটা থেকে ফয়সাল আকরাম ও আরাফাত মিনহাসকে দলে নিয়েছে মুলতান। বিনিময়ে আহমেদ দানিয়াল ও জাহানজাইব সুলতানকে পেয়েছে কোয়েটা। দুজন ক্রিকেটারের পাশাপাশি মুলতান থেকে ১২.৫ লাখ পাকিস্তানি রুপি পেয়েছে ফ্র্যাঞ্চাইটি। পিএসএলের এবারের আসরে এটিই প্রথম ট্রান্সফার উইন্ডোর ব্যবহার।