হায়দরাবাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব নেয়া আম্বাতি রায়ডুর আগ্রহেই জাফরের নিয়োগ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। রায়ডুর বিশ্বাস, রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ১০ বারের চ্যাম্পিয়ন জাফর তার অভিজ্ঞতা দিয়ে দলে জয়ের মানসিকতা গড়ে তুলতে পারবেন।
২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসরের পর কোচিং ও পরামর্শকের ভূমিকায় কাজ করে যাচ্ছেন জাফর। বিদর্ভা, উত্তরাখণ্ড, উড়িশ্যা ও পাঞ্জাবের মতো ঘরোয়া দলের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইপিএলে পাঞ্জাব কিংসেরও ব্যাটিং পরামর্শ ছিলেন তিনি।
সবশেষ রঞ্জি ট্রফি মৌসুমে হায়দরাবাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে নিজেদের গ্রুপে চতুর্থ হয়েছে দলটি। বিজয় হাজারে ট্রফিতেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো লড়াই করেছিল তারা। যদিও নেট রানরেটের ব্যবধানে হরিয়ানার কাছে ফাইনালে ওঠার সুযোগ হারায়।
মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন রায়ডু। আট দল নিয়ে তেলেঙ্গানা টি-টোয়েন্টি লিগ আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে, যা ১২ জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি বিভিন্ন জেলায় ক্রিকেট অবকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পও হাতে নেয়া হয়েছে।