চিকিৎসার জন্য নাহিদকে দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল নাহিদ রানার। তবে পুরনো চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। এমন অবস্থায় বাংলাদেশের ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় চিকিৎসার জন্য নাহিদকে দেশের বাইরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ। সেই চোটে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি তাকে। দেশের মাটিতে গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভাবনায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলানোর কথা ছিল বিসিবির।

সেই অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়াও চলছিল। তবে পুনর্বাসন প্রক্রিয়ার শেষের দিকে এসে নিতম্বে ব্যথা অনুভব করছেন নাহিদ। ফলে ত্রিদেশীয় সিরিজের দলে তাকে রাখেননি নির্বাচকরা। গুঞ্জন আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন নাহিদ। যদিও হাবিবুল বাশার জানিয়েছেন, ডানহাতি পেসার এখনো ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাননি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের প্রধান নির্বাচক বলেন, ‘এখনো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যায়নি। আমরা একটা একটা করে এগোচ্ছি। অবশ্যই, আমাদের পরিকল্পনা ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত করতে আমরা নাহিদ রানাকে ত্রিদেশীয় সিরিজে খেলাব। সে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে, ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য সে প্রস্তুত নয়।’

নাহিদকে নিয়ে ঝুঁকিও নিতে চায় না তারা। বাশার বলেন, ‘অবশ্যই, আমরা তার (নাহিদ) জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। একই সঙ্গে সে আমাদের সম্পদ। তাকে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। তাকে খেলানোর জন্য আমরা নিয়ে ঝুঁকি নেব, সেটা আমরা করতে চাই না। আমার মনে হয় সম্ভাব্য সেরা উপায়ে তাকে ফেরানোর জন্য বিসিবি সেই চেষ্টা করছে।’

নতুন চোট হানা দেওয়ায় আবারও একটি স্ক্যান করানো হচ্ছে। এমনকি দেশের বাইরে পাঠানোর পরিকল্পনাও করছে বিসিবির মেডিকেল বিভাগ। সবঠিক থাকলে কাতারে যাওয়ার কথা ছিল নাহিদের। তবে ভিসা জটিলতায় সেটা আটকে যেতে পারে। এমনকি আরব আমিরাতে পাঠানোর ভাবনাও আছে। সেখানেও ভিসা নিয়ে ঝামেলা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে না পারলে নাহিদকে অস্ট্রেলিয়ায় পাঠানো বিসিবি।

যদিও নাহিদ কবে ফিরতে পারবেন সেটার নিশ্চয়তা দিতে পারছেন বাশার। তিনি বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভব সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সঠিক সময়সীমা দিতে পারছি না। সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বড় ভূমিকা রাখবে। ত্রিদেশীয় সিরিজে না পাওয়া গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাহিদকে একটি ম্যাচ খেলানোর চেষ্টা করছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের আশা, ক্যারিবীয়দের বিপক্ষে একটি ম্যাচ খেলতে পারলে সাউথ আফ্রিকায় সবগুলো টেস্ট খেলতে পারবেন।

বাশার বলেন, ‘অবশ্যই, (তাকে) ত্রিদেশীয় সিরিজে পাচ্ছি না। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি একটা টেস্ট ম্যাচও খেলতে পারে তাহলে নিশ্চই সাউথ আফ্রিকায় সবগুলো টেস্ট খেলতে পারবে। সুতরাং আমরা এখনো আশাবাদী।’

আরো পড়ুন: