মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে রংপুর প্রথম একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার প্রথম একাদশের অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে পারেননি ঢাকার বোলাররা। উদ্বোধনী জুটিতে ১১৪ রান তোলেন রংপুরের দুই ওপেনার অনিক ও মিম । দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।
১২৬ বলে ৫ চারে ৫০ রান করা অনিককে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার এনামুল হক। দুই বল পরেই আবারও আঘাত হানেন এই পেসার। এবার তার শিকার হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৪২ বলে ৫ চারে ৬৩ রান করা মিম। তিন নম্বরে নামা ইকবাল হোসেনও রান আউট হলে মাত্র ২ রানের ব্যাবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।
এরপর আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে ৩ উইকেট হারানোর চাপ সামাল দেবার চেষ্টা করেন অধিনায়ক আকবর আলী। চতুর্থ উইকেটে ৪৮ রান যোগ করেন তারা। ৬৩ বলে ২২ রান করে আরিফ আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মামুন। বেশিক্ষণ টেকেননি আকবরও। ৩৭ বলে ২৬ রান করে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে লেগ বিফোর হন তিনি। ১৭৪ রানে ৫ উইকেট হারানো রংপুরের হাল ধরেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তার অপরাজিত ৩৮ রানের ইনিংসে চড়ে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে রংপুর। ঢাকার হয়ে এনামুল দুইটি এবং সুমন খান, আরিফ ও বিপ্লব একটি করে উইকেট নেন।
দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ময়মনসিংহের প্রথম একাদশকে ব্যাট করতে পাঠায় সিলেট প্রথম একাদশ। ময়মনসিংহের হয়ে বেশ দেখে শুনে শুরু করেন দুই ওপেনার মাহফিজুল ও খালিদ হাসান। একাদশ ওভারে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাঈম আহমেদ।
অন্যপ্রান্তে অবিচল ছিলেন মাহফিজুল। দ্বিতীয় উইকেটে আরিফুলকে সাথে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন তিনি। দলীয় ৮১ রানে ২৮ রান করা আরিফুলকে ফেরান বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। অন্যপ্রান্তে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৫ তম হাফসেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। ১৩৫ বলে ৭০ রান করে অনিক দেববর্মনের বলে লেফ বিফোরের ফাঁদে পড়েন মাহফিজুল।
মাহফিজুল আউট হবার পর ময়মনসিংহের হাল ধরেন আব্দুল মজিদ। আল আমিনকে সাথে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মজিদ। ১২৮ বলে ৪৬ রান করে নাঈমের দ্বিতীয় শিকারে পরিণত হন এই ব্যাটার। ২১১ রানে ৫ উইকেট হারায় ময়মনসিংহ। তবে শেষ বেলায় বিপদ আর বেশি বাড়তে দেননি পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে সাত উইকেটে ২৭৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে ময়মনসিংহ। সিলেটের হয়ে নাঈম তিনটি, নাবিল দুইটি এবং অনিক ও তোফায়েল আহমেদ একটি করে উইকেট নেন।