বাংলাদেশের হয়ে সাকিবের সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি দেশের সফলতম এই বাঁহাতি স্পিনারকে। তার দীর্ঘ অনুপস্থিতিতে শুধু একজন বাঁহাতি স্পিনার নয়, ব্যাটিংয়েও অবদান রাখতে পারবেন এমন একজন ক্রিকেটারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।
চলমান রবি বোলার হান্টের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের বিকল্প খোঁজার বিষয়টি তুলে ধরেন মুশতাক। মুশতাক বলেন, 'আমার মনে হয় কিছু ক্রিকেটার আছে, আবার কিছু ক্রিকেটারকে আমরা তৈরি করছি। একদিন নির্বাচক আর কোচরা বসে এমন একজন স্পিনার খুঁজছিলেন, বিশেষ করে বাঁহাতি স্পিনার, যে ব্যাটিংও করতে পারে। অনেক তরুণ আসছে, আমরাও তাদের তৈরি করার চেষ্টা করছি।'
দলের স্পিন বিভাগ নিয়ে কাজ করলেও মুশতাক জানেন, সাকিবের বিকল্প বলতে শুধু তার বোলিংয়ের জায়গা পূরণ করলেই হবে না। বাংলাদেশের বর্তমান স্পিন আক্রমণে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও সাদা বলের ক্রিকেটে রিশাদ হোসেনের মতো অপশন আছে। তবে সাকিবের মতো বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকর অবদান রাখতে পারেন, এমন ক্রিকেটার এখনো সেভাবে উঠে আসেনি।
বাংলাদেশের পেস আক্রমণে অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিকল্প তৈরি হয়েছে। নাহিদ রানার গতির সঙ্গে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের নিয়ে পেস বিভাগে প্রতিযোগিতাও বেড়েছে। মুশতাকের মতে, পেসে যেমন নতুন ক্রিকেটার উঠে আসছে, স্পিনেও ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে এখন থেকেই কাজ করতে হবে।
সেই চাহিদাটা আরও পরিষ্কার করেছেন মুশতাক। মুশতাক বলেন, 'এখন আমাদের রানা আছে, যে ১৫০ গতিতে বোলিং করে। আরও কয়েকজন আছে, যারা ১৪০-এর বেশি গতিতে বল করতে পারে। তাই এখন আমাদের এমন একজন বাঁহাতি স্পিনার দরকার, যে মিডল ওভারে ব্যাটিংও করতে পারবে। আশা করি নির্বাচক ও সংশ্লিষ্ট সবাই মিলে সঠিক ক্রিকেটারটিকে খুঁজছেন। হয়তো দ্রুতই, না হয় একটু সময় নিয়ে আমরা তাকে পেয়ে যাব।'
রবি বোলার হান্টে পেস ও স্পিন দুই বিভাগেই নতুন প্রতিভা খোঁজা হচ্ছে। নির্বাচিত ক্রিকেটারদের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করতে চায় বিসিবি। তবে সাকিবের মতো একজন ক্রিকেটার তৈরি করতে সময় লাগবে বলেই মনে করেন মুশতাক। মুশতাক বলেন, আমি সবসময় একটা কথা বলি, একদিনে গাছ বড় করা যায় না। তাই আমাদেরও ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের স্কিল আছে, আমাদের প্লেয়াররা আছে, এখন আমাদের বিশ্বাস করতে হবে। '