কেন্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ২ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন নর্থইস্ট ও মুয়েয়ে। তারা দুজনে মিলে কেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের দুজনের ৭৭ রানের জুটি ভাঙেন টম বেইলি। ল্যাঙ্কাশায়ারের পেসারের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন মুয়েয়ে। ৭ চারে ৪৪ বলে ৪৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
মুয়েয়ে ফেরার পর কেন্টকে আর উইকেট হারাতে দেননি নর্থইস্ট ও ড্যানিয়েল বেল-ড্রুমন্ড। তারা দুজনে মিলে কেন্টের জয় নিশ্চিত করেন। দারুণ ব্যাটিং করেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি নর্থইস্টের। ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। মূলত বেল-ড্রুমন্ড টানা দুই বলে দুই চার মেরে জয় নিশ্চিত করায় হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি নর্থইস্টের। কেন্টের অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৩ বলে ১৯ রান করে।
এর আগে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই কেন্টকে উইকেট এনে দেন খালেদ। ডানহাতি পেসারের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়েছেন। প্রথম ওভারে কোনো রান খরচা না করেই উইকেট নেন খালেদ। দারুণ ব্যাটিংয়ে ল্যাঙ্কাশায়ারের হাল ধরেছিলেন মার্কাস হ্যারিস। ৭৪ বলে ৪৮ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারকেও ফেরান খালেদ।
ডানহাতি পেসারের অফ স্টাম্প পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খেলবেন কিনা সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। একেবারে শেষ মুহুর্তে ব্যাট সরিয়ে নিয়েছিলেন হ্যারিস। যদিও সেটা করতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছিলেন তিনি। এজ হয়ে প্রথম স্লিপে ক্রলিকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। একটু পর আরব শেঠিকেও ফেরান খালেদ। বাংলাদেশের পেসারের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৫২ রানে ৩ উইকেট নেন খালেদ।