অস্ট্রেলিয়া কী পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, আগেই ফাঁস করলেন স্মিথ

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
গ্রায়েম স্মিথ
গ্রায়েম স্মিথ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ এক সিরিজে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা। এই সিরিজের আগে অস্ট্রেলিয়াকে নিয়ে প্রোটিয়াদের সতর্ক করেছেন গ্রায়েম স্মিথ। সাবেক এই প্রোটিয়া অধিনায়কের মতে অস্ট্রেলিয়া বরাবরের মতো এবারও প্রতিপক্ষের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।

এর ফলে তরুণ ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করেন তিনি। টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকা সফর। ২৪ সেপ্টেম্বর ডারবানে দুই দলে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর।

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কৌশল নিয়ে স্মিথ বলেন, ‘তাদের স্বভাবই হলো সবচেয়ে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দিকে নজর দেওয়া। তারা যদি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে মনে করে তরুণদের ওপর আরও বেশি চাপ তৈরি হবে।’

চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। এমনকি টেস্ট সিরিজেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। এর ফলে বাকি বোলারদের ওপর বাড়তি চাপ থাকবে সেটা এক প্রকার নিশ্চিত। রাবাদা না থাকায় মার্কো জানসেন ও কেশভ মহারাজের বাড়তি দায়িত্ব পালন করতে হবে।

এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি কেজি (রাবাদা) ফিট থাকবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে মার্কো জানসেনের মতো খেলোয়াড়ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার।’

মহারাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘কেশব মহারাজের ভূমিকাও আমরা ছোট করে দেখতে পারি না। অধিনায়ক হিসেবে টেম্বাকে অন্য জায়গায় একটু বেশি পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ করে দিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে খেলাটাকে ধরে রাখে এবং গুরুত্বপূর্ণ উইকেটও এনে দেয়।’

আরো পড়ুন: