‘আগে বাংলাদেশ, তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট’, নাহিদের এনওসি নিয়ে নাফিস

বাংলাদেশ ক্রিকেট
নাহিদ রানা ও শাহরিয়ার নাফিস, ফাইল ফটো
নাহিদ রানা ও শাহরিয়ার নাফিস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাহিদ রানাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে বিগ ব্যাশ লিগের (বিবিএল) দুটি ফ্র্যাঞ্চাইজি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার জন্য ডানহাতি পেসারকে অনাপত্তি পত্র (এনওসি) নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। এই বিষয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ের তারকা হয়ে উঠেছেন নাহিদ। গতিময় বোলিংয়ে বিশ্ব জুড়ে সবার নজরে এসেছেন ডানহাতি পেসার। টেস্টের মতো ওয়ানডে-টি-টোয়েন্টিতেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরা হয়েছেন। পরবর্তীতে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডেতে নিয়েছিলেন চার উইকেট।

এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে নাহিদকে দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি তার। আগামী আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন নাহিদ। চোট থেকে যখন সেরে উঠছেন তখনই ডানহাতি পেসারের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস।

তবে এনওসি নয়, আপাতত নাহিদের ইনজুরি কাটিয়ে ওঠার দিকেই নজর দিচ্ছে বিসিবি। নাহিদ পুরোপুরি ফিট হলে তখন এনওসি নিয়ে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। এক্ষেত্রে সবকিছুর আগে প্রাধান্য পাবে জাতীয় দলের হয়ে ম্যাচ।

নাফিস বলেন, 'এটি আসলে (এনওসি) সদয় হওয়ার বিষয় নয়। আমরা যতটুকু জানি, নাহিদ রানাকে এখনো ফিট ঘোষণা করা হয়নি। তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে, সে তার বোলিং ফিটনেস ফিরে পাবে, শতভাগ ফিটনেস ফিরে পাবে, তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো পরের কথা, বাংলাদেশ দলে খেলার ব্যাপারেও আমরা এই বিষয়গুলো বজায় রাখব। সে এখন তার ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছে, বোলিং ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছে। তাকে আগে বাংলাদেশ দলের জন্য পুরোপুরি ফিট হতে দিন।'

'এরপর যদি কোনো কারণে আমাদের সময় ও সুযোগ ফাঁকা থাকে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই বিবেচনা করবে। আমি আগেই বলেছি, গত নয় মাসে আমরা এখন পর্যন্ত ২৯টি অনাপত্তিপত্র দিয়েছি। তাই খেলোয়াড়দের প্রতি ‘সদয়’ হওয়ার যে শব্দটি এল, সেটির উত্তরে বলব, আমরা তাদের বেশ সমর্থন জোগাচ্ছি। আমরা তাদের সুযোগগুলো কাজে লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। তবে অবশ্যই সবার আগে বাংলাদেশ দল, সবার আগে খেলোয়াড়দের সুস্থতা; তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।'

মাত্রই গ্রেড টু সাইড স্ট্রেইন থেকে সেরে উঠেছেন নাহিদ। তবে এখনো পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়নি তার। ডানহাতি পেসারের ফিটনেস এবং ওয়ার্কলোডে বাড়তি নজর রাখছে বিসিবি।

নাফিস আরও বলেন, 'নাহিদ রানার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। তার বোলিং ফিটনেস ঠিক কোন অবস্থায় আছে, তা আমাদের চিকিৎসক দল বলতে পারবে। তবে যখন একটি দল একসঙ্গে অনুশীলন করে, তখন কোনো খেলোয়াড়ের আলাদা পুনর্বাসনের প্রয়োজন হলে সে দলের সঙ্গেই তা সেরে নিতে পারে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে দল ব্যবস্থাপনার ফিজিও, ট্রেনার এবং চিকিৎসা বিভাগই আপনাদের আরও বিস্তারিত ও হালনাগাদ তথ্য দিতে পারবে।'

আরো পড়ুন: