দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের পেসারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি। বাংলাদেশের পেসারদের কদর বিশ্ব জুড়েই বাড়ছে। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ব্যস্ত কাউন্টি ক্রিকেটে। অন্যদিকে পেসার নাহিদ রানাকে পেতে কাড়াকাড়ি লেগেছে বিগ ব্যাশের দুই দল মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে হাসানের পারফরম্যান্সে মুগ্ধ টেইট। একই সঙ্গে বিগ ব্যাশ লিগে (বিবিএল) নাহিদকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহেও অবাক নন তিনি। কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ সময় কাটাচ্ছেন হাসান। সর্বশেষ ডার্বিশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের এই পেসার।
কাউন্টিতে তার খেলার সুযোগ পাওয়ায় বেশ খুশি সাবেক এই অজি পেসার। হাসানের বোলিংয়ের প্রশংসা করে টেইট ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, ‘সে কাউন্টিতে খেলছে, এটা দেখে আমি খুবই খুশি। ওর সঙ্গে কাজ করতে আমি খুব উপভোগ করেছি। সে মানসম্পন্ন একজন বোলার।’
হাসানের পাশাপাশি বাংলাদেশের আরেক পেসার নাহিদও নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্রিকেটে। নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ অবশ্য টেইটের কাছে মোটেই বিস্ময়ের নয়। তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের জন্য ফিট রাখতে এনওসি নাও দিতে পারে বলে ধারণা করছেন টেইট।
ক্রিকফ্রেঞ্জিকে টেইট বলেন, ‘আমি অবাক নই। তাদের (বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি) নাহিদের প্রতি আগ্রহী হওয়াই উচিত। তবে মনে হচ্ছে, বিসিবি হয়তো তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই রাখতে চাইছে। দেখা যাক।’