বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো, তারা আমাদের চাপে রাখবে: বাভুমা

সাউথ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ
শরিফুল ইসলামের ফেসবুক পেজ থেকে নেওয়া
শরিফুল ইসলামের ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা দুনিয়ার অন্যতম সেরা কঠিন জায়গা হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বলে বিশ্বাস করেন এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশ যে ছেড়ে কথা বলবে না সেটা ভালো করে জানেন টেম্বা বাভুমা নিজেও। সাউথ আফ্রিকার অধিনায়ক জানিয়েছেন, দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে বাংলাদেশ তাদের চাপে রাখবে।

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমনকি দুই ইনিংসের একটিতেও একশ রান করতে পারেনি সফরকারীরা। এমন পারফরম্যান্সের পরও বাংলাদেশকে সমীহ করছে সবাই। সেটার সবচেয়ে বড় কারণ ডারউইনে ১১ সেশনের সবকটিতে জিতে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর প্রতিপক্ষরাও একটু ভাবতে শুরু করেছে।

অস্ট্রেলিয়া সফর শেষে টেস্টে বাংলাদেশের পরবর্তী গন্তব্য সাউথ আফ্রিকা। আগামী নভেম্বরে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সাউথ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলামরা। উইকেটে বাড়তি সুবিধা থাকলে বাংলাদেশের পেসাররা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু হচ্ছে সাউথ আফ্রিকার। অজিদের পর প্রোটিয়াদের খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে। দুই সিরিজের আগে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন বাভুমা। পাশাপাশি বাংলাদেশ যে তাদের চাপে রাখবে সেটাও জানিয়েছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। এ ছাড়া ডারউইনে বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই ম্যাচে টিভিতে দেখেছেন তিনি।

টাইমস লাইভের সঙ্গে আলাপকালে বাভুমা বলেন, ‘আমি ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ম্যাচ দেখেছি। যেখানে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। আশা করছি অজিরা শক্তিশালী হয়ে ফিরে আসবে (পরের সিরিজে) এবং তাদের সামর্থ্য দেখাবে। বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। ৪ ম্যাচের তিনটিতে জেতা প্রোটিয়াদের পয়েন্ট ৭৫ শতাংশ। এখনো ১০টি ম্যাচ বাকি আছে তাদের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি করে টেস্ট বাকি। বাভুমা মনে করেন, বিশ্বের প্রতিটি দলই এখন সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরীক্ষা করতে চাইবে।

বাভুমা বলেন, ‘যদি এভাবে বলতে হয় তাহলে বলব আমাদের উপর এখন বাড়তি একটা নজর থাকবে। যে দলগুলো এখন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে তারা এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে চাইবে। যদি চাপ থাকে সেটা মোকাবেলা করা ও সামলে নেওয়ার সামর্থ্য আমাদের আছে।’

আরো পড়ুন: