গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জেতার পর ভারতের পিসিটি কিছুটা বেড়ে যায়। সফরকারীদের সামনে সুযোগ ছিল কলম্বোতেও শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে সফর শেষ করা। তবে সেটা করতে পারেনি তারা। সোনাল দিনুশার বীরত্বে দ্বিতীয় টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। অর্থাৎ দুই টেস্টের সিরিজে ২৪ পয়েন্টের মধ্যে ১৬ পয়েন্ট পেয়েছেন গিল-লোকেশ রাহুলরা।
৫১.৫২ শতাংশ পিসিটি নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে ভারত। চলমান চক্রে এখনো সাতটি ম্যাচ বাকি রয়েছে তাদের। নিউজিল্যান্ড সফরে দুইটি এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাঁচ টেস্ট। বাকি সবগুলো ম্যাচে জিতলে ভারতের পিসিটি হবে ৭০.৩৭ শতাংশ। এমনটা হলে তারা ফাইনাল খেলতে পারবে। ছয় জয়ের বিপরতীতে একটিতে হারলে তাদের পিসিটি হবে ৬৫ শতাংশের কাছাকাছি।
নিউজিল্যান্ডে সফরে দুই ম্যাচ হেরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট জিতলে ভারতের পিসিটি গিয়ে দাঁড়াবে ৫৯.২৬ শতাংশে। এমনটা হলে ফাইনাল খেলতে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে ফাইনালে ওঠা সহজ হবে না ভারতের। তবুও দলকে নিয়ে আত্মবিশ্বাসী গিল।
ভারতের অধিনায়ক বলেন, ‘নভেম্বরে আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি। এটা আমাদের জন্য ভালো একটা সিরিজ। এরপর ঘরের মাঠে আমাদের সিরিজ রয়েছে। আমরা যদি নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারি তাহলে আমাদের সুযোগ থাকবে। সুযোগ থাকা পর্যন্ত আমরা বিশ্বাস রাখব এবং আশা করি আমরা ফাইনালে উঠতে পারব।’
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। পরবর্তীতে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৯০ রানে গুঁড়িয়ে দেয় সফরকারীরা। ২১৩ রানের লিড নেওয়ার পর শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠায়। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রতিপক্ষের ১০ উইকেট নিতে পারেনি।
৯ উইকেটে ৪২৯ রান তুলে ইনিংস ঘোষণা করলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান। পর্যাপ্ত সময় না থাকায় তারা ব্যাটিংয়ে নামেনি, ম্যাচ ড্র হয়। অনেকের ধারণা, ফলোঅন করানো ভুল সিদ্ধান্ত ছিল। তবে গিল মনে করেন না এটা হিতে বিপরীত হয়েছে। বৃষ্টির কারণে ৭০ ওভার যে খেলা হয়নি সেই বিষয়টিও সামনে এনেছেন ভারতের অধিনায়ক।
গিল বলেন, ‘আমি বলব না যে, ফলো-অন করানোটা হিতে বিপরীত হয়েছে। সামগ্রিকভাবে দেখলে, আমার মনে হয় আমরা প্রায় ২৫০ ওভার ফিল্ডিং করেছি। ওরা বল করেছে প্রায় ১৩০ ওভার। ম্যাচে যে ওভারগুলো বাকি ছিল- একটি টেস্ট ম্যাচে ৪৫০ ওভার হয়ে থাকে- তার মধ্যে প্রায় ৭০ ওভার বৃষ্টির কারণে নষ্ট হয়েছে।’