‘এ’ দলে সুযোগ পাওয়া নাইমের চোখ জাতীয় দলে

বাংলাদেশ 'এ' দল-সাউথ আফ্রিকা 'এ' দল সিরিজ
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে নাইম শেখ
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে নাইম শেখ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ 'এ' দল। এই সফরের দলে আছেন নাইম শেখ। সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে পরিচিতি থাকলেও আসন্ন এই সফরে তিনি চারদিনের ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন। দীর্ঘ দুই বছরের বিরতির পর গত বছর জাতীয় দলে ফিরেছিলেন নাইম। তবে জায়গা ধরে রাখতে পারেননি।

এবারই প্রথম নয় বাদ পড়া। নাইম সাত বছরের ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন। নামের পাশে ৯টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি রয়েছে। তবে কোনো ফরম্যাটেই থিতু হতে পারেননি তিনি। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার তিনি। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৫২.৩৩ গড়ে করেছেন ৪৭১ রান।

'এ' দলের হয়ে সিরিজ খেললেও নাইমের চোখ থাকবে জাতীয় দলে। কারণ সাউথ আফ্রিকাতেই আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তা ছাড়া সামনেই রয়েছে জাতীয় দলের পূর্ণাঙ্গ সাউথ আফ্রিকা সফর। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কোনো খোলাসা না করলেও বোঝাই যাচ্ছে এই সিরিজটিকে লাইফ লাইন হিসেবেই নিচ্ছেন তিনি।

সাউথ আফ্রিকা যাওয়ার আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে। ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।”

নিজের খেলার ধরন নিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, 'ওখানে প্রথমে (সাউথ আফ্রিকায়) দুইটি চার দিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।'

আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাবে জাতীয় দল। বাংলাদেশ ইমার্জিং দল সেখানে সফর করছে। এখন সেখানে যাচ্ছে ‘এ’ দল। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কন্ডিশন চিনতে দারুণভাবে সাহায্য করবে সিরিজগুলো তা আর বলার অপেক্ষা রাখে না। এই সফরের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট নাইম।

তিনি বলেন, 'যেহেতু ওখানে একটা দল ইতোমধ্যে খেলছে, আমরা বেশিরভাগ ম্যাচ যেসব মাঠে খেলব, ওসব জায়গাতে খেলা হচ্ছে। ওই জায়গা থেকে ভালো একটা অভিজ্ঞতা পাচ্ছি, যেহেতু লাইভ খেলা দেখা যাচ্ছে। ভালো একটা ধারণা পাচ্ছি উইকেটের আচরণ কেমন থাকবে। দলের কিছু খেলোয়াড় ওখানে (সাউথ আফ্রিকায়) আছে, আর কিছু খেলোয়াড় যারা এখানে। সবাই একসাথে ভালো বন্ডিং করার চেষ্টা করছি। ওখানে গিয়ে পুরো দল একসঙ্গে পেলে, ভালো করার আশা করছি।'

আরো পড়ুন: