ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের প্রশংসায় মেতেছেন ক্রিকেট বিশ্বের সাবেক তারকা ও কিংবদন্তিরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের সাবেক ক্রিকেটারদের কণ্ঠে উঠে এসেছে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা।
বাংলাদেশের এই অর্জনকে তিনি যথাযথ স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে মনে করছেন ইয়ান বিশপ। পাশাপাশি পুরো দলের পারফরম্যান্সের প্রশংসা করলেও বিশেষভাবে নজর কেড়েছে তাঁর কাছে হাসান মাহমুদের বোলিং।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। এখন নিশ্চয়ই তারা প্রাপ্য প্রশংসা ও যথাযথ স্বীকৃতি পাওয়ার দাবিদার—বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে এই স্বীকৃতি খুবই কম এসেছে।'
'এই সাফল্যে অনেকের অবদান আছে—মেহেদী, তানজিদসহ আরও অনেকে। তবে হাসান মাহমুদের কথা বিশেষভাবে বলতে হয়। পুরোপুরি সুস্থ থাকলে গত কয়েক বছর ধরেই সে একজন দুর্দান্ত লাইন বোলার। তার বোলিং অ্যাকশনও দারুণ কার্যকর ও সোজাসাপ্টা। কোচ ফিল সিমন্স এবং তাঁর দলের জন্য আমি সত্যিই আনন্দিত।'
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় দিন।'
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড বাংলাদেশের এই জয়কে অভাবনীয় অর্জন হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'কী দারুণ অর্জন! বাংলাদেশের জন্য সত্যিই অসাধারণ। অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলের বিপক্ষে, তাদেরই মাটিতে এবং তাদের নিজেদের খেলায় হারানো—এটা অসাধারণ। অভিনন্দন।'
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বাংলাদেশের জয় দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'বাংলাদেশ—ওয়াও!'
অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিং অবশ্য বাংলাদেশের জয়কে আরও বড় প্রেক্ষাপটে দেখেছেন। তিনি লিখেছেন, 'ডারউইন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায়ে পরিণত হলো। বাংলাদেশকে অভিনন্দন। টেস্ট ক্রিকেট খুব কঠিন। এখানে দরকার মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও দক্ষতা। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার এত বড় পরাজয় অনেক দিন দেখিনি। দ্বিতীয় টেস্টে কী হয়, সেটি দেখার অপেক্ষায় আছি।'
পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল লিখেছেন, দারুণ খেলেছ বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ম্যাচ জেতা সত্যিই বড় একটি অর্জন। পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন!'
ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরও বাংলাদেশের ঐতিহাসিক জয়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, 'বাংলাদেশের কী অসাধারণ জয়! অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো হারানো একটি ঐতিহাসিক অর্জন এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশাল একটি মুহূর্ত।'
আরেক শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের এই জয়কে দেখছেন টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়েও নতুন করে ভাবার কারণ হিসেবে। এমন জয় বাংলাদেশের প্রাপ্য ছিল বলেওন উল্লেখ করেছেন সাবেক এই অলরাউন্ডার।
ম্যাথিউস লিখেছেন, 'আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার আরেকটি কারণ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বিসিবি টাইগারদের কী দারুণ জয়। অভিনন্দন, এটি পুরোপুরি প্রাপ্য।'