‘বড় দলকে হারানোর আলাদা আনন্দ আছে’, ভারত সিরিজ নিয়ে হৃদয়

বাংলাদেশ-ভারত সিরিজ
তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয়
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সূচি অনুযায়ী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। সিরিজটি নিয়ে বিসিবি বাংলাদেশ সরকারের দ্বারস্থ হয়েছে। সিরিজটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও মানসিকভাবে প্রস্তুত আছেন বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয়।

তিনি বর্তমানে ব্যস্ত আছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে গল গ্যালান্টসকে হারানোর অন্যতম নায়ক ছিলেন হৃদয়। তিনি ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাতে ভর করে ২৪২ রানের বিশাল পুঁজি নিশ্চিত করে গল। শেষ পর্যন্ত ১৪ রানের জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেছে জাফনা।

কোয়ালিফায়ারের ম্যাচ শেষে শ্রীলঙ্কায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় আসন্ন ভারত সিরিজ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে সিরিজটির জন্য মুখিয়ে আছেন। বড় দলের সঙ্গে খেলা তিনি উপভোগ করেন বলেও জানিয়েছেন। সর্বশেষ সিরিজে ভারতকে হারানোর স্মৃতি বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন তিনি।

হৃদয় বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বড় দলের বিপক্ষে খেলতে বেশি উপভোগ করি। বড় দলের মুখোমুখি হওয়াটাই আমার কাছে সবচেয়ে উপভোগ্য। ভারত যদি আসে, অবশ্যই চাইব আমি এবং দল ভালো খেলি। সবাই জানে, দেশের মাটিতে সর্বশেষ সিরিজে আমরা ভারতকে হারিয়েছিলাম। নিজেদের মাঠে আমরা অবশ্যই শক্তিশালী দল। তাই শেষ চার পাঁচটি সিরিজের মতো এবারও দল হিসেবে ভালো করার লক্ষ্য থাকবে।'

ভারত সিরিজ নিয়ে হৃদয় আরও যোগ করেন, 'আগেও বলেছি, বড় দলের বিপক্ষে খেলা এবং তাদের হারানোর মধ্যে আলাদা আনন্দ আছে। দেশের মাটিতে আগের সিরিজে আমরা ভারতকে হারিয়েছিলাম। তাই এবারও সিরিজ হলে ইনশাল্লাহ জয়ের লক্ষ্য নিয়েই খেলব।'

কদিন আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন লিটন দাস। তার সহকারী করা হয়েছে হৃদয়কে। নতুন দায়িত্ব কোনো চাপ হবে না বলে মনে করেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তাই এটা কঠিন কিছু হবে না বলে ধারণা তার।

সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে হৃদয় বলেন, 'পেশাদার খেলোয়াড় হোক বা অন্য যেকোনো পেশা, সব জায়গাতেই চাপ থাকবে। সেই চাপ কীভাবে সামলে নিজের কাজটা করবেন, সেটাই আসল চ্যালেঞ্জ। আমিও সেটাই করার চেষ্টা করি। আর এটা আমার জন্য নতুন কিছু নয়। অনূর্ধ্ব ১৯ দল, এ দল, ঢাকা প্রিমিয়ার লিগ, সব জায়গাতেই এই দায়িত্ব পালন করেছি। জাতীয় দলেও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে করেছি। তাই আমার কাছে এটা কঠিন কিছু মনে হয় না।'

আরো পড়ুন: