টিকিট পেলে দলের সঙ্গেই যাবেন লিটন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
লিটন দাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
লিটন দাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই লিটন দাস। তবুও টিকিট পেলে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরের বিমান ধরবেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।

১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন লিটন। ব্যক্তিগত ৪৮ রানের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। যদিও ইনিংসের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে গিয়েছিলেন লিটন।

যদিও প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে তৃতীয় টি-টোয়েন্টির আগে ঢাকায় ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোট থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিলেন না। ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠতে না পারায় পুরো সফর থেকে ছিটকে যান।

এমনকি লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) যেতে পারেননি লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও পাওয়া যাচ্ছে না তাকে। কদিন আগেই সিঙ্গাপুরে স্ক্যান করিয়েছেন তিনি। যেখানে পেশিতে ফোলাভাব ধরা পড়েছে এবং চিকিৎসা নিয়েছেন। প্রগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম করার পর ১৩ আগস্ট নাগাদ ফিটনেস পরীক্ষা দিতে পারেন লিটন।

প্রথম টেস্টের দলে না থাকার পরও লিটনকে দলের সঙ্গে পাঠানোর কথা ভাবছে বিসিবি। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ। স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের টিকিট করে ফেলেছে বোর্ড। নতুন করে লিটনের টিকিট করার চেষ্টা করছে তারা। ৩০ জুলাই অস্ট্রেলিয়া সফরের টিকিট পেতে পারেন তিনি। টিকিট পেলে টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গেই অস্ট্রেলিয়াতে যাবেন লিটন।

দলের সঙ্গে থেকে চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। পরবর্তীতে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলেন খেলবেন দ্বিতীয় টেস্টে। আগেভাগে পাঠানোর ফলে কন্ডিশনের সঙ্গে খানিকটা মানিয়েও নিতে পারবেন তিনি। আগামী ১৩ আগষ্ট থেকে প্রথম টেস্ট এবং ২২ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আরো পড়ুন: