অবশ্য সুখবরও রয়েছে বাংলাদেশের জন্য। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জাফনা কিংসের হয়ে খেলার কথা থাকলেও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য টুর্নামেন্টটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে আরেক পেসার নাহিদ রানা প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পাঁজরের চোটের কারণে করা স্ক্যানের ফলাফলের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। এদিকে কাফের চোটে ভোগা অভিজ্ঞ ব্যাটার লিটন দাসকে নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তাঁকে অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া যাবে বলেই আশা করছে বাংলাদেশ।
আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ আগস্ট থেকে ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মূল সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, আগেভাগে অস্ট্রেলিয়ায় যাওয়াটা দলের জন্য ইতিবাচক হবে।
গতকাল তিনি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলাটা কঠিন হবে। তবে ইতিবাচক দিক হলো, আমরা ১০ থেকে ১২ দিন আগেই সেখানে পৌঁছে যাব। তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলব। আশা করি, সবাই ফিট থাকলে ভালো করতে পারব।’
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও তাদের ওপর আস্থা রাখছেন আশরাফুল, ‘গত সাত মাসে আমাদের ব্যাটাররা খুব ভালো খেলেছে। একটি সিরিজ বা একটি টেস্ট খারাপ যেতেই পারে। তবে তার আগের চারটি টেস্টে তারা দারুণ ব্যাটিং করেছে।’
তিনি আরও বলেন, ‘ভিন্ন কন্ডিশনে এক-দুটি ম্যাচ হারতেই পারি। গত সাত মাসের পারফরম্যান্সের পর এক-দুটি পরাজয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন কন্ডিশনে খেলে তারা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।’