রোববার ম্যাককালামকে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তিনি ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখন নতুন টেস্ট কোচ ও অধিনায়ক খুঁজছে ইংল্যান্ড।
সম্প্রতি ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক বেন স্টোকস। ফলে চার বছর আগে যে ‘বাজবল’ যুগের সূচনা হয়েছিল তার শেষ হয়েছে স্টোকস ও ম্যাককালামের বিদায়ে।
এ প্রসঙ্গে আথারটন বলেন, ‘শেষ নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই তারা হেরেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও তারা নিচের দিকেই রয়েছে। এটি আসলে অ্যাশেজের দীর্ঘমেয়াদি ধাক্কারই ফল। সেখানে তারা নিজেদের সামর্থ্যের প্রতিফলন ঘটাতে পারেনি। এরপর নিউজিল্যান্ডের কাছে হার এবং মাঠের বাইরের ঘটনাগুলো প্রমাণ করেছে সমস্যাগুলো থেকেই গেছে। শেষ পর্যন্ত কোনো না কোনো পরিবর্তন আসতেই হতো।’
ব্রেন্ডন ম্যাককালাম ও স্টোকসের নেতৃত্বে শুরুর দিকে দারুণ সব সাফল্য পেয়েছিল ইংল্যান্ড। তবে তারা বড় ধাক্কা খায় সর্বশেষ অ্যাশেজে। তারা অজিদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে টেস্ট সিরিজ হার বড় প্রশ্নের জন্ম দেয়। সেই সঙ্গে সিরিজের মাঝে স্টোকসের নাইট ক্লাব বিতর্ক বড় সমালোচনা তৈরি করে।
ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনা করে আথারটন বলেন, ‘টেস্ট দল বেশ কিছুদিন ধরেই সংগ্রাম করছে। অ্যাশেজ এতটাই বাজেভাবে শেষ হয়েছিল যে, এরপর আর ভুলের কোনো সুযোগ ছিল না। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষেও সবকিছু ভুল দিকেই গেছে।’