পিঠের চোটে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি গ্রিভস। এরপর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে তাকে বার্বাডোজে পাঠানো হয়েছে। সেখানেই মেডিকেল দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও পুনর্বাসন চলবে।
এদিকে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সিয়াটল অরকাসের হয়ে দায়িত্ব শেষ করেই জাতীয় দলে যোগ দিয়েছেন হেটমায়ার। এমএলসিতে ব্যস্ত থাকায় নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য শুরুতে তাকে পাওয়া যায়নি। ২৯ বছর বয়সী হেটমায়ার চলতি এমএলসি মৌসুমে ১০ ম্যাচে ১৬৪ রান করেছেন ১৩৬.৬৬ স্ট্রাইক রেটে। দল প্লে-অফে উঠতে না পারলেও তাকে দলে পাওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় স্বস্তি এনে দিয়েছে।
সবশেষ ২০২৫ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার। চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরলেও একাদশে সুযোগ পাননি। এবার নিউজিল্যান্ড সিরিজে ডাক পাওয়ায় সীমিত ওভারের দলে নিজের জায়গা করে নেবার সুযোগ পাচ্ছেন এই ব্যাটার।
অন্যদিকে গ্রিভসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিডব্লিউআই জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডে এবং এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তার শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করা হবে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন গ্রিভস। শেষ টেস্টে ক্যারিয়ারসেরা ১৮০ রানের ইনিংস খেলেন তিনি। পুরো সিরিজে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে জেতেন 'সিরিজসেরা'র পুরস্কার এবং ওয়েস্ট ইন্ডিজকে ২০২৩ সালের পর প্রথম টেস্ট সিরিজ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইতোমধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রভিডেন্সে প্রথম ম্যাচে সাত উইকেটের দাপুটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম তিনটি ম্যাচ প্রভিডেন্সে অনুষ্ঠিত হচ্ছে, আর শেষ দুটি ম্যাচ হবে ব্রিজটাউনে। ওই দুই ম্যাচের জন্য দলও চলতি সপ্তাহের শেষ দিকে ঘোষণা করবে সিডব্লিউআই।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), আকিম অগাস্ট, জন ক্যাম্পবেল, কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লজ, গুডাকেশ মোতি, কিমো পল, শেরফেন রাদারফোর্ড ও জেইডেন সিলস।