সম্প্রতি লাল বলের ক্রিকেটে নিষ্প্রভ পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের আচরণবিধি সংক্রান্ত ইস্যুতে চাপের মুখে ছিলেন ম্যাককালাম। এর মাঝেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর খেলোয়াড়দের আচরণবিধিতে আরো কড়াকড়ি আরোপ করে ক্রিকেট বোর্ড। টেস্ট ফরম্যাটের দায়িত্ব ছেড়ে দিলেও বাকি দুই ফরম্যাটে আগের মতই দায়িত্ব চালিয়ে যাবেন ম্যাককালাম। তিনি জানিয়েছেন, নতুন আচরণবিধি কার্যকর হলেও জয় উদযাপনে খেলোয়াড়রা চাইলে এক-দুই গ্লাস মদ পান করতে পারবেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর খেলোয়াড়দের উদযাপনের সুযোগ দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এই মন্তব্য করেন ম্যাককালাম। শেষ ম্যাচে জস বাটলার ও হ্যারি ব্রুক দ্বিতীয় উইকেটে মাত্র ১০৩ বলে ২৩৩ রানের রেকর্ড জুটি গড়ে ইংল্যান্ডকে বড় জয় এনে দেন। এই সিরিজ জয়ের ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে এসেছে ইংল্যান্ড।
এই সাফল্যের কয়েক দিন আগেই খেলোয়াড়দের আচরণ নিয়ে কড়াকড়ি আরোপ করে ইসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে প্রথম টেস্ট শেষে অধিনায়ক স্টোকস ও গাস অ্যাটকিনসন দলের হোটেল ছেড়ে লন্ডনের চেলসির একটি নাইটক্লাবে যান। পরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়লে তাদের জরিমানা করা হয় এবং দ্বিতীয় টেস্ট থেকে নিষিদ্ধ করা হয়। এরপরই নতুন আচরণবিধি চালু করে ইসিবি।
দ্য টেলিগ্রাফকে ম্যাককালাম বলেন, 'প্রথমত, আমাদের দলে এমনিতেই খুব বেশি খেলোয়াড় নেই যারা মদ পান করে। তবে কেউ যদি একটি বিয়ার খেতে চায়, তাহলে অবশ্যই খেতে পারে। নতুন নির্দেশনা সবাইকে পাঠানো হয়েছে এবং সবাই তা সম্পর্কে অবগত। এই নীতিমালার উদ্দেশ্য হলো খেলোয়াড়দের সুরক্ষিত রাখা এবং যেন তারা সঠিক সিদ্ধান্ত নেয়।'
তিনি আরও বলেন, 'আমি খেলোয়াড়দের পুরোপুরি বিশ্বাস করি। সব তথ্য তাদের দেওয়া হয়েছে। সাফল্যের আনন্দও তো অনুভব করতে হবে। কেউ যদি বিয়ার পছন্দ করে, তাহলে এমন জয় উদযাপনের জন্য আজকের রাতটা উপযুক্ত। তবে সেটি হতে হবে পরিমিত মাত্রায়, বাড়াবাড়ি করা যাবে না। গত দশ দিনের অর্জনটা সবাই যেন নিজের মতো করে উপভোগ করতে পারে। তবে সবাই জানে কী করতে হবে। আমরা হয়তো শান্তভাবে একটি বিয়ার খাব, শুধু খেয়াল রাখতে হবে যেন কেউ আবার সংবাদপত্রের প্রথম পাতার খবর না হয়ে যায়।'
সংশোধিত আচরণবিধি অনুযায়ী, ম্যাচের আগের দিন, ম্যাচ চলাকালে এবং ম্যাচ শেষ হওয়ার পরের দিন পর্যন্ত খেলোয়াড়দের মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বিশেষ পরিস্থিতিতে এই নিয়ম শিথিল করার ক্ষমতা রাখা হয়েছে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি-এর হাতে। উল্লেখযোগ্য কোনো জয় উদযাপন কিংবা অ্যাশেজ সিরিজ শেষে প্রতিপক্ষের সঙ্গে ঐতিহ্যবাহী সৌজন্য পানীয় গ্রহণের মতো ক্ষেত্রে তারা প্রয়োজন অনুযায়ী ছাড় দিতে পারবেন।
এই আচরণবিধি শুধুমাত্র ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলের জন্য প্রযোজ্য। নারী দলের ক্ষেত্রে এ ধরনের আনুষ্ঠানিক মদ্যপানসংক্রান্ত কোনো বিধিনিষেধ নেই।