জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মিরপুরে কয়েক দিন অনুশীলন করেছেন শরিফুল-মুস্তাফিজুর রহমানরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগেই জিম্বাবুয়েতে পা রেখেছেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। সেখানে গিয়ে নিয়মিত অনুশীলন করে কন্ডিশন ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েক দিন ধরে এসেছি। আসার পরে এখানের যে কন্ডিশন ও আবহাওয়া সেটার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো একটা শেপে আসছি। আমরা খুব ভালো চেষ্টা করছি, ভালো হচ্ছে সবার। আমরা ম্যাচে কার্যকর করার চেষ্টা করব।’
সবশেষ কয়েকটা ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। গত চার সিরিজে বাংলাদেশ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। টানা সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী শরিফুল। তবে এটাও স্বীকার করলেন জিম্বাবুয়ের কন্ডিশনে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য।
শরিফুল বলেন, ‘গত কয়েকটা সিরিজ আমরা ভালো করেছি, চেষ্টা করব আগের মতো যেন প্রক্রিয়া মেনে একটা রেজাল্ট আনতে পারি। ব্যাটিং, বোলিং দুই দিকেই চেষ্টা করছি।’
তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গত পাঁচটা (চারটি) সিরিজ জিতেছি। কিন্তু যেহেতু ওদের হোম কন্ডিশন এখানে একটু হলেও কঠিন হবে। কিন্তু আমরা চেষ্টা করব এটা মাথায় না রেখে যার যার স্কিল আছে ওইটা ডেলিভার করার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’
সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি শরিফুলের। তবে তাসকিন আহমেদ, মুস্তাফিজ ও নাহিদ রানাদের বিশ্রামের ফাঁকে যখনই সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে একাদশে সুযোগ পেয়ে ৪৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। জিম্বাবুয়ে সফরে ব্যক্তিগত প্রত্যাশা না রেখে দলগতভাবে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন।
বাঁহাতি এই পেসার বলেন, ‘আমার কোনো প্রত্যাশা নাই। আমি চাইব দলগতভাবে যেন সিরিজটা জিতে পারি, সবাই যাতে সুস্থ থেকে সিরিজটা শেষ করতে পারি, সবাই যেন ভালো পারফর্ম করে। এটাই আমার চাওয়া।’