ইয়াসির অবশ্য জানতেন না তাকে দলে নেয়ার কারণে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাশারকে। তিনি জানিয়েছেন, ভালো খেলে ব্যাট হাতেই এসব প্রশ্নের জবাব দিতে চান তিনি। জাতীয় দলে তাকে যে রোলের জন্য নেয়া হয়েছে আপাতত সেই রোল পালন করাই প্রধান লক্ষ্য তার।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে ইয়াসির বলেন, 'আসলে সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মিডিয়ার বাইরে। আমি জানিনা এসব, আমি আপনার কাছ থেকেই শুনছি যে সুমন ভাইকে অনেক কিছু বলতে হয়েছে। তো আমার একটাই চেষ্টা থাকবে উনার এই জবাবগুলো যেন আমি মাঠে খেলে দিতে পারি ইনশাআল্লাহ।'
ডিপিএলের পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্যের কথা জানিয়ে ইয়াসির যোগ করেন, 'সবকিছু আল্লাহর ইচ্ছা। ডিপিএলেও আমার একটা রোল ছিল। প্রিমিয়ার লিগ যেটা আলহামদুলিল্লাহ আমি হয়তোবা ভালো করে খেলেছি বলেই আমাকে নির্বাচকরা দলে নিয়েছেন। আবার যে কারণে দলে নিয়েছেন ওই রোলটা যেন আমি পূরণ করতে পারি এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।'
ইয়াসির এক সময়ে বাংলাদেশের তিন ফরম্যাটের দলেরই প্রথম পছন্দ ছিলেন। তবে ধীরে ধীরে সব ফরম্যাট থেকেই বাদ পড়ে যান তিনি। এবার টি-টোয়েন্টি দলে ফিরলেও বাকি দুই ফরম্যাট নিয়ে এখনই মাথা ঘামাতে চান না তিনি। আপাতত টি-টোয়েন্টি নিয়েই থাকতে চান এই ক্রিকেটার।
ইয়াসির যোগ করেন, 'ওভাবে আসলে চিন্তা করছি না। কারণ এইটা আসলে আমার হাতে নেই, আমার হাতে পারফর্ম করা। তো ওইসব জিনিস নিয়েও চিন্তা করছি না যে কোন ফরম্যাটে কিভাবে খেলবো। শুধু একটাই আমার টার্গেট যে আমি জিম্বাবুয়েতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমি জিম্বাবুয়েতে দেশের জন্য ভালো কিছু করব ইনশাআল্লাহ।'