জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনমন হলো বাংলাদেশের

আইসিসি র‍্যাঙ্কিং
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর নিজেরদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর সাত নম্বর জায়গা হারিয়েছে টাইগাররা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন আট নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ব্যাটারদের টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইশান কিশান। স্বদেশী অভিষেক শর্মাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

দুর্দান্ত ফর্মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেও নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই প্রতিদ্বন্বিতা গড়ে তুলতে পারেনি তারা। এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে হারের ফলে ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৩ পয়েন্ট নিয়ে এখন তারা অষ্টম স্থানে আছে। সেই সুযোগে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ১৭ রেটিং নিয়ে দশ নম্বরেই আছে জিম্বাবুয়ে।

এদিকে এই টেস্টসহ বিশ্বজুড়ে তিনটি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে আরো কিছু পরিবর্তন। ব্যাটারদের তালিকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট নটিংহ্যাম টেস্টে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড উঠে এসেছেন এক নম্বরে। ব্রুক নেমে গেছেন দ্বিতীয় এবং রুট তৃতীয় স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আবার এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে আছেন।

ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। ব্যাটারদের তালিকায় রাচিন রবীন্দ্র দুই ধাপ এগিয়ে সপ্তম, ড্যারিল মিচেল পাঁচ ধাপ এগিয়ে একাদশ, ডেভন কনওয়ে ১৪ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫তম এবং টম ল্যাথাম ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায় নিউজিল্যান্ডের নাথান স্মিথ আট ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে ক্যারিয়ার শেষ করেছেন।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শামার জোসেফ নয় ধাপ এগিয়ে যৌথভাবে ১৪তম এবং কেমার রোচ চার ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।

এদিকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করে শীর্ষে উঠেছেন ইশান। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ইশান। পুরো আসরে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন অভিষেক। ইশানের শীর্ষে উঠার ফলে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এক নম্বর ব্যাটারের মর্যাদা পাওয়া ক্রিকেটারের তালিকায় এখন আছেন মাত্র চারজন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা এবং ইশান।

র‍্যাঙ্কিংয়ে ইশান ও অভিষেকের মধ্যে ব্যবধান মাত্র সাত রেটিং পয়েন্টের। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন স্বাগতিকদের লরকান টাকার ও রস অ্যাডায়ার। টাকার চার ধাপ এগিয়ে যৌথভাবে ৭৭তম এবং অ্যাডায়ার ছয় ধাপ এগিয়ে ৮৪তম স্থানে উঠেছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে চার উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন আইরিশ পেসার ম্যাথিউ হামফ্রিস। তিনি এক ধাপ এগিয়ে এখন ২৫তম। অলরাউন্ডারদের তালিকায় ভারতের শিভম দুবে তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। এছাড়া আয়ারল্যান্ডের গ্যারেথ ডিলানি চার ধাপ এগিয়ে ২৪তম এবং হ্যারি টেক্টর আট ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন।

আরো পড়ুন: