সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

নারী বিশ্বকাপ
নিগার সুলতানা জ্যোতির আরেকটি শট, ফাইল ফটো
নিগার সুলতানা জ্যোতির আরেকটি শট, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে চার উইকেটের হারে নারী বিশ্বকাপের যাত্রা শেষ করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় পাঁচ উইকেটে ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। বোলিংয়ে কিছুটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত লাভ হয়নি। ১৯.২ ওভারে ম্যাচ শেষ করে সাউথ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের যাত্রা ততটা ভালো ছিল না। পাঁচ ম্যাচে কেবল দুটি জয় পেয়েছে দলটি। গ্রুপ-১ এ কেবল নেদারল্যান্ডস এবং পাকিস্তানকে হারাতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চার নম্বরে।

সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি দল। ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় সংগ্রহ গড়ার সুযোগও হাতছাড়া হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে বাংলাদেশ।

শুরুর ধাক্কাটা আসে মারিজায়ানা কাপের করা প্রথম বলেই। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক উদ্বোধনী ব্যাটার তাজনেহারও বড় কিছু করতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান।

দুই উদ্বোধনীর বিদায়ের পর ইনিংস গড়ার চেষ্টা করেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার। তবে দুজনই ছিলেন বেশ ধীরগতির। পরে রান বাড়ানোর চেষ্টায় উইকেট হারান তারা। শারমিন ২৯ বলে ২২ রান করেন, আর মোস্তারি দলের সর্বোচ্চ ৪২ রান করেন ৪৮ বলে।

ইনিংসের শেষ দিকে কিছুটা গতি আনেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২০ বলে ৩২ রান করে দলের সংগ্রহ একশ পেরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যাটারদের ধীরগতির ইনিংসের কারণে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লরা উলভার্টের উইকেট হারায় বাংলাদেশ। মারুফার দুর্দান্ত ডেলিভারিতে ইনিংসের প্রথম বলেই ফিরে যান তিনি। এরপর তাজমিন ব্রিটস এবং অ্যানারি ডার্কসেনের ব্যাটে এগিয়ে যায় দলটি।

ব্রিটস ২৪ বলে ২০ এবং ডার্কসেন ৪৫ বলে ৪৫ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। এই দুজনকেই ফেরান নাহিদা আক্তার। শেষদিকে মারিজান কাপ ২১ বলে ১৬ এবং নাদিনে ডি ক্লার্ক ১৪ বলে ১৫ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে ফিরে যান। ক্লো ট্রিয়ন পাঁচ বলে অপরাজিত আট রান করে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন।

আরো পড়ুন: