১৯৬৮ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫টি টেস্ট খেলেছেন ডেভিস। এই সময়ে তিনি ৫৪ দশমিক ২০ গড়ে করেন ১৩০১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত এক হাজার টেস্ট রান করা ব্যাটারদের মধ্যে গড়ের হিসাবে তার চেয়ে এগিয়ে আছেন কেবল জর্জ হেডলি, এভারটন উইকস, গারফিল্ড সোবার্স ও ক্লাইড ওয়ালকট।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল ডেভিসের উল্লেখযোগ্য অবদান। ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে বেশি ম্যাচ খেলা এই ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫৩৮ রান করেন। তার সংগ্রহে ছিল ১৪টি শতক।
টেস্ট ক্রিকেটে চারটি শতক রয়েছে ডেভিসের। এর মধ্যে ১৯৬৯ সালে ইংল্যান্ড সফরে নিজের মাত্র তৃতীয় টেস্টেই লর্ডসে খেলেছিলেন ১০৩ রানের স্মরণীয় ইনিংস। সেই ইনিংসই আন্তর্জাতিক ক্রিকেটে তার অন্যতম সেরা কীর্তি হিসেবে বিবেচিত হয়।
১৯৭১ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও ছিলেন দুর্দান্ত ছন্দে। ওই সিরিজে দুটি শতকের সাহায্যে ১৩২.২৫ গড়ে ৫২৯ রান করেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন ডেভিস।
চার্লি ডেভিসের স্মৃতির প্রতি সম্মান জানাতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সাবেক এই ব্যাটারের প্রতি এভাবেই শ্রদ্ধা জানায় দলটি।