এক ম্যাচ খেলেই বাদ শেখ মেহেদী

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মেডিকেল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মিরাজের চোটে শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলে ডাক পান শেখ মেহেদী। মিরাজ সেরে না ওঠায় শেষ ম্যাচের একাদশেও সুযোগ মেলে তার।

২০২৩ সালের পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরে ৩৭ রানে এক উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। এক ম্যাচ পরই ওয়ানডে দল থেকে বাদ পড়লেন মেহেদী। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি তাকে। চোট থেকে সেরে ওঠায় অধিনায়ক হয়েই জিম্বাবুয়েতে যাচ্ছেন মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে লিটন দাসকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বা পায়ের পেশির চোটে পড়েছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। ৪৮ রান নিয়ে মাঠ ছাড়লেও শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করেন তিনি। ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম মিরপুরে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন লিটন।

চোট থেকে সেরে উঠতে না পারলেও দলের সঙ্গে চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। তবে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের। সিরিজ হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচের আগে ঢাকায় ফেরেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছিটকে যান তিনি।

যদিও ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই সেরে উঠবেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওই সময় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যস্ত থাকবেন। শ্রীলঙ্কার টুর্নামেন্ট খেলার জন্য এনওসি পেয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মিরাজ।

২৮ জুন একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশ ওয়ানডে দল- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আরো পড়ুন: