কাউন্টি অভিষেকেই ৫ উইকেট নিতে চান হাসান

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সপ্তাহখানেক পরই কাউন্টি ক্রিকেটে কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন হাসান মাহমুদ। ছোটবেলায় বল হাতে নিয়ে বড় পর্যায়ে দাপট দেখানোর যে স্বপ্ন দেখতেন একে একে তার সবই পূরণ হচ্ছে হাসানের। কাউন্টিতে সুযোগ পাবার এই স্বপ্ন পূরণের পর এবার সেখানে দারুণ কিছু করে রাঙাতে চান এই পেসার। কাউন্টি অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখতে চান স্বপ্নপূরণের মুহূর্তটিকে।

দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন হাসান। লন্ডনের মাটিতে যখন ইনজুরি থেকে ফেরার লড়াই চালাচ্ছিলেন, তখনই স্বপ্নপূরণের দ্বার খুলে যায় তার। পুনর্বাসনের ফাঁকেই কেন্ট কাউন্টি দলের সঙ্গে অনুশীলনের এক দারুণ সুযোগ পান তিনি। নেটে হাসানের দুর্দান্ত বোলিং দেখেই কেন্ট কর্তৃপক্ষ মুগ্ধ হয়ে সরাসরি চুক্তির প্রস্তাব দেয়।

কাউন্টিতে খেলতে যাবার অভিজ্ঞতা প্রসঙ্গে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হাসান বলেন, 'স্বপ্ন ছিল যে আমি একদিন ভালো একটা পর্যায়ে খেলব, ভালো একটা বোলার হব। বাংলাদেশ দলে দাপটের সাথে খেলব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কাউন্টি খেলব-এগুলা নিয়ে অনেক স্বপ্ন ছিল। জাতীয় দলের টেস্টে অভিষেক হওয়ার পর থেকে মাথায় একটা চিন্তা থাকে যে আমারও একদিন সুযোগ হবে কাউন্টি ক্রিকেটে। তো আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।'

সবকিছু ঠিকঠাক থাকলে ১২ই জুন কেন্টের হয়ে সাদা পোশাকে মাঠে নামবেন হাসান। আপাতত ১২ থেকে ১৫ এবং ১৯ থেকে ২২ জুন অনুষ্ঠিতব্য দুটি চারদিনের ম্যাচ খেলার কথা আছে এই পেসারের। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টিতে সাদা জার্সি গায়ে জড়াবেন তিনি।

কাউন্টিতে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে হাসান বলেন, 'কাউন্টিতে খেলতে গিয়ে যে প্রক্রিয়ায় আমি আগাচ্ছি সেটা অনুসরণ করার চেষ্টা করব। ওদের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া, ওদের বল, ওদের সুযোগ-সুবিধা, ওদের ক্রিকেট সংস্কৃতি, ওগুলোর সাথে যদি আমি ভালোভাবে মিশতে পারি অবশ্যই এটা আমার আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগবে। যে মানের খেলা হয় কাউন্টি ক্রিকেটে, সেটা আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে।'

কাউন্টি অভিষেকেই বাজিমাত করার লক্ষ্যও ঠিক করেছেন হাসান। তিনি বলেন, 'সবসময় এমন চিন্তা কাজ করে যে আমি যদি পাঁচটা উইকেট পাই, কাউন্টির প্রথম ম্যাচে, এটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। তো চেষ্টা করব আমি আমার সেরাটা দিয়ে যতটুকু সাফল্য অর্জন করা যায়।'

আরো পড়ুন: