সেখানে অভিষেক হতে যাওয়া চার নতুন আম্পায়ারের একজন জেসি। অন্য তিনজন হলেন ক্যান্ডেস লা বোর্ড, গায়ত্রী ভেনুগোপালান ও কেরিন ক্লাস্টে। টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল রাখছে আইসিসি। সেই প্যানেলে জায়গা পাওয়াটা বাংলাদেশের জন্যও বড় স্বীকৃতি।
এর আগে গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন জেসি। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ পেলেন তিনি। এবারের বিশ্বকাপে ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য রাখা হয়েছে ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি।
২০২৪ আসরের প্যানেল থেকে নয়জন আবারও আছেন এবারের বিশ্বকাপে। সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার ক্লেয়ার পোলোসাক। অস্ট্রেলিয়ার এই আম্পায়ারের এটি হবে ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে তিনি এই টুর্নামেন্টে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।
এ ছাড়া জ্যাকুলিন উইলিয়ামস ও কিম কটন নিজেদের পঞ্চম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। দুজনই এর আগে বিশ্বকাপে ১৯টি করে ম্যাচে আম্পায়ারিং করেছেন। ম্যাচ রেফারিদের তালিকায় আছেন শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা। নতুন হিসেবে যোগ হয়েছেন নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।