৪৩৭ রান তাড়া করা সম্ভব : গুল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
উমর গুল, ক্রিকফ্রেঞ্জি
উমর গুল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। সিলেট টেস্ট জিততে হলে পাকিস্তানকে তাই গড়তে হবে ইতিহাস। শুধু ইতিহাস গড়াই নয়, উপমহাদেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে ৪৩৭ রান করে জেতাটা অসম্ভবের প্রায় কাছাকাছি। তার ওপর বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হেরে মানসিকভাবেও বিপর্যস্ত থাকার কথা পাকিস্তানের। তবে, এখনই হাল ছেড়ে দিতে রাজি নন পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল। উইকেট এখনও ব্যাটারদের পক্ষে থাকায় ইতিহাস গড়ে জেতার স্বপ্ন দেখছেন সাবেক এই পেসার।

২০০৩ সালে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে জয় পেয়েছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার বাইরে চারশর বেশি রান তাড়া করে জেতার আরো তিনটি ঘটনা থাকলেও এশিয়ার মাটিতে চারশর বেশি রান সফলভাবে তাড়া করার রেকর্ড নেই একটিও। যদিও এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়ার এই রেকর্ডটি অনুপ্রেরণা দিতে পারে পাকিস্তানকে। কেননা ২০২১ সালে বাংলাদেশের মাটিতেই ৩৯৫ রান তাড়া করে ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরিকল্পনা মাফিক ব্যাটিং করতে পারলে পাকিস্তানেরও তেমন কিছু করার সামর্থ্য আছে বলে বিশ্বাস গুলের।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে গুল বলেন, 'প্রথমত আমরা মানসিকভাবে প্রস্তুত যে, আমাদের হাতে দুই দিন আছে এবং এই দুই দিনে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমি মনে করি আমরা যদি পুরো সময়টা ব্যাটিং করতে পারি, তবে জেতার সুযোগ আছে। এখন পর্যন্ত আমরা মানসিকভাবে এই রান তাড়া করার জন্য প্রস্তুত। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'

এ প্রসঙ্গে গুল যোগ করেন, '৪৩৭ রান তাড়া করা সম্ভব। ক্রিকেটে আপনি নিশ্চিত করে কিছুই বলতে পারেন না, ক্রিকেটে আপনি যেকোনো কিছু আশা করতে পারেন এবং দুই দলের জন্যই জেতার সম্ভাবনা আছে। বল খুব ভালোভাবে ব্যাটে আসছে এবং ব্যাটাররা শট খেলার জন্য অনেক সময় পাচ্ছে। তাই আমি মনে করি এখন পর্যন্ত উইকেট ব্যাটারদের জন্য খুব ভালো।'

সিলেট টেস্ট শুরুর আগে পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু প্রথম তিনদিনে একবারও বাগড়া দেয়নি বৃষ্টি। পরের দুইদিনও সিলেটের আকাশ এমন পরিষ্কার থাকলে ম্যাচ বাঁচাতে পুরো ১৮০ ওভারই খেলতে হবে পাকিস্তানকে। বাস্তবতার মেনে নিয়ে এই টেস্টে ড্রয়ের সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের পেস বোলিং কোচ।

এ প্রসঙ্গে গুল বলেন, 'ড্র করার সুযোগ আমাদের কাছে নেই। আমি মনে করি দুই দলের জন্যই জেতার সুযোগ আছে। ২-৩টি পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ৪৩৭ রান তাড়া করতে চান, তবে তার জন্য আপনাকে সাহসী হতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।'

আরো পড়ুন: