বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত তফসিলে জানানো হয়েছে, এবারের নির্বাচনে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে ১০ জন, ক্যাটাগরি ২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনী কার্যক্রম শুরু হবে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে। ওই দিন বিকেল ৪টায় বিসিবির কার্যালয়ের নোটিশ বোর্ড ও বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৮ মে এবং আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ১৯ মে। একই দিন বিকেলে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ ও ২১ মে। প্রার্থীদের ২০ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র বাতিল বা বৈধতা নিয়ে আপিল গ্রহণ ও শুনানি হবে ২৪ মে। আর ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
তফসিলে ডাকযোগে ও ইলেকট্রনিক ভোট বা ই ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট কাউন্সিলররা ২৫ মে রাত ১২টার মধ্যে পোস্টাল বা ই ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত এসব ব্যালট পাঠানো হবে। তবে পোস্টাল ও ই ব্যালট অবশ্যই ৭ জুন দুপুর ১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পাওয়া কোনো ব্যালট গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
| কার্যক্রম | তারিখ ও সময় |
| খসড়া ভোটার তালিকা প্রকাশ | ১৭ মে, বিকাল ৪ টা |
| খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ | ১৮ মে, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা |
| আপত্তির ওপর শুনানী | ১৯ মে, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা |
| চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | ১৯ মে, বিকাল ৫ টা |
| মনোনয়ন বিতরণ | ২০ ও ২১ মে, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা |
| মনোনয়ন দাখিল | ২১ ও ২২ মে, সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা |
| মনোনয়ন পত্র বাছাই ও তালিকা প্রকাশ | ২৩ মে, সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা |
| আপীল গ্রহণ ও শুনানী | ২৪ মে |
| মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ | ২৫ মে |
| পোষ্টাল ভোট আবেদন | ২৫ মে |
| ই- ব্যালট প্রেরণ | ১ জুন থেকে ৬ জুন |
| ই- ব্যালট গ্রহণ | ৭ জুন, দুপুর ১ টা পর্যন্ত |
| নির্বাচন | ৭ জুন, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা |
| চূড়ান্ত ফলাফল প্রকাশ | ৭ জুন, সন্ধ্যা ৬ টা |