চোটে ছিটকে গেলেন সাদমান, কপাল খুলল জাকিরের

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করেছিলেন সালমান আলী আঘা। তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা সাদমান ইসলামের হাতে। বুক বরাবর ক্যাচটা লুফে নিতে ভুল করেননি তিনি। তবে ক্যাচ নিতে গিয়ে তাৎক্ষণিকভাবে বুকে একটু ব্যথা পান সাদমান।

সেই ব্যথাই কাল হলো বাঁহাতি ওপেনারের জন্য। ঢাকা টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে দলের সঙ্গেই সিলেটে গিয়েছিলেন সাদমান। তবে ম্যাচ শুরুর আগেই ফিরে আসতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে উঠতে না পারায় সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন সাদমান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নেওয়ার সময় সাদমান বুকে ব্যথা পান। তার বুকে গুরুতর আঘাত পেয়েছে এবং ব্যথা রয়েছে। দুর্ভাগ্যক্রমে, দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।’

সাদমানের চোটে কপাল খুলেছে জাকির হাসানের। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সাদমানের জায়গায় বাঁহাতি এই ওপেনারকে যুক্ত করা হয়েছে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে খেলছেন জাকির। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে ছন্দে থাকায় লাল বলে ডাকা হয়েছে তাকে।

যদিও স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। ধারণা করা হচ্ছে, আপাতত জাকিরকে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে ডাকা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে শেষ টেস্ট জাকির একাদশে সুযোগ পাবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের টেস্ট দলে ফেরার দিন সকালেই ঢাকা থেকে সিলেটে গেছেন জাকির। দলের সঙ্গে করেছেন অনুশীলনও।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।

আরো পড়ুন: