বিজয়-রাব্বির ব্যাটে জয়ে প্রিমিয়ার লিগ শুরু মোহামেডানের

ডিপিএল
এনামুল হক বিজয়
এনামুল হক বিজয়
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।

আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৪ রান করে সিটি ক্লাব। ২৯ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। চতুর্থ ওভারে রিপন মন্ডল তুলে নেন মেহেদী মারুফ (১) এবং মিজানুর রহমানের (০) উইকেট। দুজনকেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। ১০ বলে ছয় রান করে বিদায় নেন আবদুল্লাহ আল মামুনও। তারপর ৭৫ রানের জুটি গড়েন সাদিকুর রহমান এবং আহরার আমিন পিয়ান।

৪১ বলে ৩১ রান করা পিয়ানকে রান আউটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ইয়াসির আলী রাব্বি। এক বল পর ফিরে যান সাদিকুরও। ৬৩ বলে ৫৬ রান করা এই ওপেনারকে ফেরান নাঈম। লং অফে ক্যাচটি লুফে নেন রিশাদ হোসেন। একই ওভারে তাহজিবুল ইসাম এবং আব্দুল গাফফার সাকলাইনকেও বিদায় করে নাঈম। দ্বিতীয় স্লিপে শুন্য রানে ফেরা তাহজিবুলের ক্যাচটি লুফে নেন ইয়াসির।

তিন বলে দুই রান করা আব্দুল গাফফার সাকলাইন ক্যাচ দেন মিড অনে। বাকি দুটি উইকেট নেন রিশাদ হোসেন। ৩১ বলে ২৯ রান করা সাজ্জাদুল হক রিপন ক্যাচ দেন লং অনে। আর ১১ বলে সাত রান করা নিহাদুজ্জামান হন লেগ বিফোর উইকেটের শিকার।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে দুই উইকেট হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এনামুল হক এনামের বলে মিড উইকেটে ক্যাচ দেন পাঁচ বলে পাঁচ রান করা নাঈম। নিহাদুজ্জামানের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন রানের খাতা খুলতে না পারা নাঈম। তারপর এনামুল হক বিজয়ের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব।

এই জুটি ভাঙেন এনামুল হক আশিক। ৫২ বলে ২৭ রান করা আফিফ তার বলে কাভারে ক্যাচ তুলে ফিরে যান। দলীয় ১২৮ রানে ফিরে যান বিজয়। ৮৮ বলে ৮০ রান করেন এই অভিজ্ঞ ওপেনার। এরপর তাওহীদ হৃদয়ের ৩৫ বলে ৩৪ এবং রাব্বির ২৩ বলে অপরাজিত ৩৬ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

এদিকে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩৬ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ২৯.৪ ওভারে ৮২ রান করে ব্রাদার্স ইউনিয়ন। ২৬ রান আসে শাহরিয়ার কমলের ব্যাটে। ফয়সাল আহমেদ রায়হান করেন ২১ রান।

গাজী গ্রুপের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ রুবেল এবং লিওন ইসলাম। একটি উইকেট নেন আরিদুল ইসলাম আকাশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বলে ১১ রান করেন মুনিম শাহরিয়ার। নাঈম আহমেদ ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। রুবেল মিয়া ২২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ১৪.৩ ওভারে এই লক্ষ্য তাড়া করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আরো পড়ুন: