‘ক্যাপ্টেন্স কার্ড’ পেয়ে তামিমকে প্রশংসায় ভাসালেন অধিনায়করা

ক্যাপ্টেন্স কার্ড
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর মাধ্যমে তাদের জন্য আজীবন খেলা দেখার সুযোগ ও স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্বাধীনতার পর থেকে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পুরুষদের ২৭ জন এবং নারীদের ৬ জন অধিনায়ককে অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করেছে বিসিবি, যেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাবেক ও বর্তমান অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেয়া হয়। অনেক অধিনায়ক আবেগতাড়িত হয়েছেন এই সম্মান পেয়ে। অনেকে আবার স্মৃতি রোমন্থন করেছেন। প্রায় সব অধিনায়কই ধন্যবাদ দিয়েছেন তামিম ইকবালকে এই অসাধারণ উদ্যোগের জন্য।

সাবেক অধিনায়ক রকিবুল হাসান তামিমকে প্রশংসায় ভাসিয়ে বলেন, 'তামিম আমাদের এই সম্মান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার জ্ঞান ও ক্রিকেটীয় চিন্তা-ভাবনার মাধ্যমে আমাদের দেশকে সত্যিই গর্বিত করেছো। আমরা সবসময় তোমার পাশে থাকব।'

আরেক অধিনায়ক আকরাম খান দাবি জানিয়েছেন কিংবদন্তী ক্রিকেটারদের নামে গ্যালারির স্ট্যান্ডের নামকরণের। তিনি বলেন, 'আমি একটা আশা করব যে অন্য দেশে যে সংস্কৃতিটা আছে—পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কায় যারা কিংবদন্তি আছেন তাদের নামে যে দর্শক গ্যালারি করা হয়। কারণ বাংলাদেশের ইতিহাসে কী করে গেছেন এটা কিন্তু পরবর্তী প্রজন্ম জানে না। আমার মনে হয় তাদের জানানোটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই বিষয়টাও মাথায় থাকবে। আর অনেক ধন্যবাদ।'

এই উদ্যাগের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফিস। তিনি এই প্রচেষ্টা নিয়ে বলেছেন, 'আমরা সবার প্রত্যেকটি অধিনায়কের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম, এটা একটা ভালো লাগার জায়গা। যারা এখানে সঙ্গত কারণে আসতে পারেননি তারাও আমাদের এই উদ্যোগের সাথে সাথে ছিলেন। তারা স্বীকৃতি দিয়েছেন। যারা এসেছেন আমরা দেখেছি যে অনেকেই আবেগতাড়িত হয়েছেন। একদম দ্বিতীয় অধিনায়ক হীরা ভাই থেকে শুরু করে একদম কনিষ্ঠ অধিনায়ক অনিক পর্যন্ত ছিল এবং তারা খুবই ভালো অনুভব করেছেন।'

খালেদ মাহমুদ সুজনের কাছে কার্ডের সুযোগ সুবিধার চেয়ে সম্মনটাই বেশি বড়। তিনি তামিমের প্রশংসা করে বলেছেন, 'এগুলো নিয়ে আমি বলতে চাই না কী হবে। তবে যেটা যতটুকু করেছে, সম্মান দিয়েছে, এই সম্মানটাই আমাদের কাছে অনেক বড় আসলে। তো এটার জন্য অনেক ধন্যবাদ। যা সুযোগ সুবিধা আছে যদি আমরা কাজে লাগাতে পারি ভালো। আর কী পরে ও বলেছে যে বিসিবি যত বড় হবে তত সুযোগ সুবিধা বাড়বে। তো সেটা ইনশাআল্লাহ আমরা দোয়া করি বিসিবি আরও বড় হোক।'

নুরুল হাসান সোহান যোগ করেন, 'তামিম ভাই অনেকদিন ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। সেই জিনিসটা ক্রিকেটারদের অনেক কিছু অনুভব করাতে পারে অনেক ভেতর থেকে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের জন্য এবং ক্রিকেটের ভালোর জন্য এটা একটা ভালো উদ্যোগ।'

আরো পড়ুন: