মুস্তাফিজ-নাহিদদের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, জানালেন লাথাম

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন, বিসিবি
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শুক্রবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজে আগে স্বাগতিকদের সমীহই করছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বেশ ভালোই ধারণা রয়েছে তার। বিশেষ করে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাদের কীভাবে খেলতে হবে তার প্রস্তুতিই নিচ্ছেন তারা।

এই কন্ডিশনে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ধারণা আছে লাথামের। বাংলাদেশ এই সিরিজে পেস বোলিং বান্ধব নাকি স্পিন বান্ধব উইকেট বানাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ভালো উইকেটে খেলার প্রত্যাশায় আছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াই উপভোগ করতে চায় কিউইরা।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লাথাম বলেন, 'বাংলাদেশের পেস আক্রমণে বেশ অভিজ্ঞতা আছে, বিশেষ করে এই কন্ডিশনে। আপনি যদি তাসকিন, মুস্তাফিজ এবং অবশ্যই রানার দিকে তাকান, যে গত কয়েক সিজনে দারুণভাবে উঠে এসেছে। আমাদের দিক থেকে বলতে গেলে, আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছি।'

মিরপুরের উইকেট নিয়ে লাথাম জানিয়েছেন, 'পিচ দেখে ভালো মনে হচ্ছে, তবে আমরা জানি এই কন্ডিশনে স্পিনও বড় ভূমিকা রাখে। বাংলাদেশ বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে এবং আমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে যা আমরা গ্রহণ করতে মুখিয়ে আছি।'

বাংলাদেশ পেস ও স্পিন আক্রমণ নিয়ে ভারসাম্যপূর্ণ দল, সেটা স্বীকার করে নিয়েছেন লাথাম। অবশ্য বাংলাদেশ সম্প্রতি বেশিরভাগ ম্যাচই খেলেছে দিবারাত্রির। তবে জ্বালানি সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো হবে দিনের বেলায়। এই জায়গাতেই নিজেদের এগিয়ে রাখছেন কিউই দলপতি।

তিনি যোগ করেন, 'আবারও বলছি, এটি মূলত মানিয়ে নেওয়ার বিষয়। আমরা জানি যে ভারসাম্যের দিক থেকে বাংলাদেশ দলের সব বিভাগই গোছানো—তাদের পেস বোলিং এবং স্পিন বোলিং উভয় দিক থেকেই সব দিক খুব ভালোভাবে কভার করা আছে। তবে এবার কিছুটা ভিন্নতা হলো এগুলো দিনের ম্যাচ , যা আগে এখানে খুব বেশি একটা হতে দেখা যায়নি। তাই এটি এমন কিছু যার সাথে আমাদের মানিয়ে নিতে হবে এবং দেখা যাক ম্যাচে পরিস্থিতি কেমন দাঁড়ায়।'

আরো পড়ুন: