পরিচালকদের পদত্যাগের মিছিল, যা বলছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি সভা, ফাইল ফটো
বিসিবি সভা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। শনিবার সুদীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভা শেষে একের পর এক পরিচালকের পদত্যাগের খবর সামনে আসতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, অল্প সময়ের মধ্যে কে কে সরে দাঁড়িয়েছেন তার হিসাব রাখাই কঠিন হয়ে পড়ে। কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চার পরিচালকের বিদায়ের বিষয়টি নিশ্চিত হয়।

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেয়া বর্তমান পরিচালনা পর্ষদের বয়স এখনও ছয় মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ২৫ পরিচালকের মধ্যে সাতজন পদত্যাগ করেছেন, যা বোর্ডের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও অন্য পরিচালকেরা এসব পদত্যাগকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন।

এদিকে সাম্প্রতিক সময়েও একাধিক পদত্যাগের ঘটনা ঘটেছে। গত ২৪ জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। ২৩ মার্চ মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানোর পর পরিচালক পদ ছেড়ে দেন আমজাদ হোসেন। ২ এপ্রিল বোর্ড ছাড়েন লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

শনিবারের পরিচালনা পর্ষদের সভাও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যারাথন ওই সভায় উপস্থিত থাকা পরিচালক ফাইয়াজুর রহমান সভা শেষ হওয়ার পরই পদত্যাগপত্র পাঠান।

বোর্ডের মিডিয়া কমিটি ও কমিউনিকেশন কমিটির প্রধান মোখসেদুল ইসলাম বলেন, 'যারা পদত্যাগ করেছেন, তারা ব্যক্তিগত কারণেই করেছেন। আজকেও একজন পরিচালক (ফাইয়াজুর) পদত্যাগ করেছেন বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, যদিও তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা ক্রিকেটের জন্য অনেক কাজ করেছেন।'

মোখসেদুল আরো বলেন, 'আপনারা দেখেছেন, যারা পদত্যাগ করেছেন তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সুতরাং এটা তাদের বিষয়। আজকে যার কথা আপনি বলছেন, উনি তো আজকেও আমাদের সাথে মিটিংয়ে ছিলেন। মিটিং থেকেই আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে উনি পদত্যাগ করেছেন। উনি ই-মেইল দিয়েছেন। উনিসহ যারা পদত্যাগ করেছেন, তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন বিসিবির জন্য বা ক্রিকেটের জন্য।'

সংবাদ সম্মেলনের পর আরও কয়েকজন পরিচালকের পদত্যাগের খবর আসে। ফ্যাসিলিটিজ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শানিয়ান তামিম, নিরাপত্তা কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরি এবং গভীর রাতে মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুর আলমও সরে দাঁড়ান। এতে পদত্যাগের সংখ্যা আরও বাড়ে।

এত সংখ্যক পদত্যাগকে স্বাভাবিক নয় বলছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু, 'স্বাভাবিক কেন বলব? স্বাভাবিক নয়। তবে যার যার ব্যক্তিগত কারণে করেছে… যদি দেখতাম যে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছে… তারা যে আলোচনা করে পদত্যাগ করেছে, এরকম তো নয়। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা ব্যক্তিগত কারণই বলেছে।'

যদিও একই সংবাদ সম্মেলনের সময় বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা জানান, পরিচালকদের পদত্যাগের ঘটনায় বোর্ডের ভেদরে কোনো অস্বস্তি ও অস্থিরতা নেই।

আরো পড়ুন: