হান্নানের চাওয়া ওয়ানডেতে ২০ সেঞ্চুরি, তানজিদ বললেন, ‘আরও বেশিও হতে পারে’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে উদযাপন করছেন তানজিদ হাসান তামিম, ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে উদযাপন করছেন তানজিদ হাসান তামিম, ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম ৩০ ওয়ানডেতে পাঁচ হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তানজিদ হাসান তামিমের। ২০২৪ সালে সেঞ্চুরির কাছাকাছি গেলেও তিন অঙ্কের স্বাদ পাওয়া হয়ে উঠেনি বাঁহাতি ওপেনারের। ৩১তম ম্যাচে এসে অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তানজিদের ব্যাটে অন্তত ২০টা ওয়ানডে সেঞ্চুরি দেখতে চান হান্নান সরকার। তানজিদ আশা দেখালেন আরও বেশি সেঞ্চুরির।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ফিরতে হয়েছে মাত্র ১ রানে। তবে সিরিজের ‘অলিখিত ফাইনালে’ খেলেছেন ১০৭ বলে ১০৭ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। প্রথম ওয়ানডের পরই তানজিদের সেঞ্চুরি দেখার অপেক্ষার কথা জানিয়েছিলেন হান্নান।

তৃতীয় ওয়ানডেতে এসে সেই আশা পূরণ হওয়ায় খুশি বিসিবির সাবেক নির্বাচক। নিজের ফেসবুকে পেজে লিখেন, ‘ওয়ানডেতে তামিমের (তানজিদ) একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায় - প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব।’

সিরিজ জেতার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যখন সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন সংবাদ সম্মেলন কক্ষে এলেন তানজিদও। ম্যাচসেরা ও নাহিদ রানার সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হওয়া বাঁহাতি ওপেনারকে জানানো হয় হান্নানের চাওয়ার কথা। প্রশ্ন শুনেই তানজিদ বলেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করব। হয়তো এর থেকেও বেশি হতে পারে! স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নাই। অবশ্যই চেষ্টা করব।’

২০২৩ সালের আগষ্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানজিদের। আড়াই বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩০ ওয়ানডে (পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগ পর্যন্ত) ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন। দুই ফরম্যাট মিলে ৭৫ ম্যাচে ১৬ হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি করতে পারেননি তিনি। অথচ বিপিএলে তিনটা সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সি ওপেনার। ক্যারিয়ারের ৭৬তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পাওয়া খুশি নিজেও। পাশাপাশি এও মনে করেন, আরও আগেই এটা হওয়া উচিত ছিল।

তানজিদ বলেন, ‘সবসময় চেষ্টা করি দলের জন্য ভালো কিছু অবদান রাখার। আগের ওয়ানডেগুলোর অনেকগুলোতে ভালোভাবে সেট হয়ে আউট হয়ে গেছি। আজকে চেষ্টা করেছি, যেটা ভালো শুরু পেয়েছি, এটা কীভাবে আরেকটু বড় করা যায়।’

‘আরও আগে হয়তো হওয়া উচিত ছিল এটা। করতে পারিনি, অনেকগুলো ভালো ইনিংস ছিল, সেগুলোকে টেনে নিতে পারিনি। যেটা অতীত হয়ে গেছে, ওদিকে তাকাতে চাই না। সামনে এগোতে চাই। যে ভালোটা হচ্ছে, এখন বা যেরকম শেপে আছি, চেষ্টা করব ভালো সময়টা যত লম্বা সময় ধরে রাখা যায়।’

আরো পড়ুন: